মাত্র ৬ দিনেই ১ বিলিয়ন ডলার আয়, বক্স অফিসে ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৬ আগষ্ট: হলিউডের বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির মাত্র ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে বিরল মাইলফলক স্পর্শ করেছে টম হল্যান্ড অভিনীত এই সুপারহিরো চলচ্চিত্র।
এর মাধ্যমে সাম্প্রতিক সময়ের সব বক্স অফিস রেকর্ডকে ছাড়িয়ে গেছে ছবিটি। চলচ্চিত্র ইতিহাসে এর চেয়ে কম সময়ে ১ বিলিয়ন ডলার আয়ের কৃতিত্ব রয়েছে কেবল ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর, যা উদ্বোধনী সপ্তাহান্তেই ১.২ বিলিয়ন ডলার আয় করেছিল।
মুক্তির প্রথম চার দিনেই উত্তর আমেরিকার বাজার থেকে ৪০৭ মিলিয়ন ডলার আয় করে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সবচেয়ে দ্রুত ৪০০ মিলিয়ন ডলার আয়ের নতুন রেকর্ড গড়েছে। এছাড়া সোমবার একদিনেই ৪৭ মিলিয়ন ডলার আয় করে এটি ইতিহাসের সর্বোচ্চ ‘মানডে বক্স অফিস’ আয়ের রেকর্ডও নিজের করে নিয়েছে। এর আগে ২০১৮ সালে ‘ব্ল্যাক প্যান্থার’ ৪০ মিলিয়ন ডলার আয় করে এই রেকর্ড গড়েছিল।
আন্তর্জাতিক বাজারেও সমান দাপট দেখিয়েছে ছবিটি। উত্তর আমেরিকার বাইরে বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ৬৪৫ দশমিক ৮ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। উদ্বোধনী সপ্তাহেই বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় ৯৩২ মিলিয়ন ডলার, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বৈশ্বিক ওপেনিং হিসেবে জায়গা করে নিয়েছে।
২০২৬ সালে এটি চতুর্থ চলচ্চিত্র হিসেবে ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করল। এর আগে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’, ‘মাইকেল’ এবং ‘টয় স্টোরি ৫’ এই মাইলফলক স্পর্শ করেছে। অন্যদিকে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ ইতোমধ্যে ৯১২ মিলিয়ন ডলার আয় করে ১ বিলিয়ন ডলারের খুব কাছাকাছি পৌঁছে গেছে।
বিশ্লেষকদের ধারণা, ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া এবং আগামী কয়েক সপ্তাহে বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমা মুক্তি না পাওয়ায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ খুব দ্রুতই ২ বিলিয়ন ডলার আয়ের ক্লাবে প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত সিনেমা ইতিহাসে মাত্র সাতটি চলচ্চিত্র এই বিরল কৃতিত্ব অর্জন করেছে।
এদিকে উত্তর আমেরিকার বক্স অফিসেও ২০২৬ সাল শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মে মাস থেকে আগস্টের শুরু পর্যন্ত অঞ্চলটিতে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৩.৫৭৯ বিলিয়ন ডলার, যা মহামারির পর হলিউডের জন্য অন্যতম সেরা সময় হিসেবে বিবেচিত হচ্ছে।