খেলা

ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান নরওয়ের, পাশে মেক্সিকো-আর্জেন্টিনা

  • 1:13 am - August 08, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ আগষ্ট ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে বিভাজন দেখা দিয়েছে। একদিকে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশন তাঁর পদত্যাগ দাবি করেছে এবং ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা তাঁর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। অন্যদিকে আফ্রিকা, মেক্সিকো, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের ফুটবল কর্তৃপক্ষ ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রি করে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের প্রস্তাব গত সপ্তাহে প্রত্যাহার করার পর থেকেই ফিফার অভ্যন্তরীণ সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এ প্রস্তাব ঘিরে সদস্য দেশ ও আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেছেন, জিয়ান্নি ইনফান্তিনো আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের আস্থা হারিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে তিনি আর স্থিতিশীলভাবে ফিফার নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে নেই।

তিনি বলেন, “জিয়ান্নি ইনফান্তিনোর জন্য আর ফিরে যাওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক ফুটবল সহযোগিতা গভীর সংকটে রয়েছে। এখন সবাইকে একত্রিত করার জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। তাই আমরা ফিফা সভাপতির পদত্যাগ চাই।”

এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের অবস্থানে অনড় রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ফিফার সঙ্গে বিরোধপূর্ণ বিষয়গুলোর সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত তারা ফিফা আয়োজিত প্রতিযোগিতা বর্জনের হুমকি বহাল রাখবে।

উয়েফা বলেছে, ভবিষ্যতে যেন ফুটবলের কাঠামোকে এভাবে পরিবর্তনের চেষ্টা আর না হয়, সে বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা অবস্থান পরিবর্তন করবে না। তবে আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে ইউরোপীয় দলগুলো অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

অন্যদিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ইতোমধ্যে সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। সেই ধারাবাহিকতায় মেক্সিকো ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনও প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে।

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এক বিবৃতিতে সংলাপ ছাড়াই একতরফা সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে একই সঙ্গে তারা বলেছে, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে অপসারণের কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

মেক্সিকো ফুটবল ফেডারেশন নিজেদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের অবস্থান থেকে সরে এসে ইনফান্তিনোকে সমর্থন দিয়েছে। কনকাকাফ এর আগে তাঁর নেতৃত্ব নিয়ে “ব্যাপক পর্যালোচনার” আহ্বান জানিয়েছিল।

মেক্সিকো ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, “ফিফার সাংগঠনিক কাঠামোর বাইরে কোনো প্রক্রিয়াকে আমরা স্বীকৃতি বা সমর্থন দেব না। আমরা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বিশ্বের ২১১টি সদস্য দেশের স্বার্থে ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ চালিয়ে যেতে চাই।”

তারা আরও বলেছে, প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর নেতৃত্বকে তারা সমর্থন করে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, তারা উয়েফা ও কনকাকাফের সঙ্গে সংহতি প্রকাশ করছে। তবে সংস্থাটির কয়েকটি সদস্য দেশ, যেমন ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ইতোমধ্যেই ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।

মরক্কোর রাবাতে অনুষ্ঠিত বৈঠকের পর ফিফা সদস্য দেশগুলোর কাছে বিতর্কিত বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব ঘিরে সৃষ্ট পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি এ ধরনের বিতর্ক কেন তৈরি হলো, তা পর্যালোচনা করে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।

ফিফা জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় তাদের সব পদক্ষেপ সংস্থার বিধিমালা অনুসারেই নেওয়া হয়েছিল। সমস্যাটি মূলত প্রক্রিয়া ও যোগাযোগের ঘাটতির কারণে সৃষ্টি হয়েছে, শাসনব্যবস্থার কোনো নিয়ম লঙ্ঘনের কারণে নয়।

এই বিতর্কের প্রভাব আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচনের প্রচেষ্টার ওপরও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কয়েক মাস আগেও তাঁর পুনর্নির্বাচন প্রায় নিশ্চিত বলে মনে করা হলেও বর্তমান সংকট সেই সমীকরণ বদলে দিয়েছে।

তবে এখনো পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তিশালী প্রার্থী সামনে আসেননি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোকে লেখা এক চিঠিতে গত এক দশকে ফিফার বৈশ্বিক উন্নয়ন কার্যক্রম ও স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেছে। যদিও তারা স্বীকার করেছে যে, বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি নিশ্চিত সমাধানের চেয়ে বেশি অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং এ প্রক্রিয়ায় কিছু ভুল হয়েছে।

তবুও আর্জেন্টিনা বলেছে, আগামী ফিফা কংগ্রেস পর্যন্ত বর্তমান নেতৃত্বের অধীনেই একসঙ্গে কাজ চালিয়ে যাওয়াই সবচেয়ে যৌক্তিক পথ।

প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনও পৃথক এক বার্তায় ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা ফিফার সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে ইংল্যান্ড, আলবেনিয়ার পর সর্বশেষ ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছে।

এদিকে আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ইনফান্তিনোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, বরং এটি সভাপতির ক্ষমতার গুরুতর অপব্যবহারেরও উদাহরণ।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au