খেলা

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত

  • 5:52 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: রাজনৈতিক টানাপোড়েনের কারণে আবারও পিছিয়ে যেতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ। আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ ও সম্পর্কের কিছুটা উন্নতি হলেও রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি কমেনি। ফলে নির্ধারিত সময়ে ভারতীয় দল ঢাকায় আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা সেপ্টেম্বরে সিরিজ আয়োজন নিয়ে এখনই আশাবাদী হতে পারছেন না। ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফরের জন্য ভারত সরকারের অনুমতি চেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সরকারের কাছে চিঠি দিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহের উদ্যোগেও দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের উদ্যোগে বিসিসিআই কর্মকর্তাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিরিজের সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। এরপর ১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। বিসিসিআই ২৯ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়টি এই সফরের জন্য খালি রেখেছে বলে জানা গেছে।

তবে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির ওপর। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লি থেকে একটি অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ায় ঢাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রভাব দুই দেশের ক্রিকেট সম্পর্কের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তার কারণে সব ম্যাচ মিরপুরে?

বাংলাদেশে সফর নিয়ে নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচই ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দেওয়া হতে পারে।

ভারত এই শর্তে বাংলাদেশ সফরে রাজি হলে বিসিবির পক্ষ থেকেও তাতে আপত্তি নেই বলে জানা গেছে। তবে মাঠ ও সূচি নির্ধারণের পাশাপাশি সফরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন হবে।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ১৫ আগস্টের মধ্যে ভারতীয় বোর্ডের কাছ থেকে সফর নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া গেলে প্রস্তুতি নেওয়া সহজ হবে। কারণ সফর চূড়ান্ত হলে টেলিভিশন সম্প্রচার, ভেন্যু প্রস্তুতি, যাতায়াত এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের প্রয়োজন হবে।

তবে বিসিসিআই এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারবে না। ভারত সরকারের অনুমোদন পাওয়ার পরই ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসতে পারবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের সিরিজটি মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি।

পরে এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের বিষয়ে সম্মতি দেয় ভারত। সে সময় আশা করা হয়েছিল, বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নতি হবে এবং ক্রিকেটীয় সম্পর্কও স্বাভাবিক হয়ে আসবে।

কিন্তু নানা কারণে প্রত্যাশিত মাত্রায় সম্পর্কের উন্নতি না হওয়ায় বিসিসিআই এখনো বাংলাদেশ সফর নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবালও জানিয়েছেন, সফর নিয়ে বোর্ডের পক্ষ থেকে যতটা উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল, তিনি তা করেছেন। সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বোর্ড সভাপতি হিসেবে তাঁর কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

ক্রিকেট কূটনীতিতে নতুন সুযোগ

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি ক্রিকেট কূটনীতি নিয়েও আলোচনা হয়েছে।

দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। সেখানে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি আলোচনায় উঠতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

কূটনৈতিক পর্যায়ে ক্রিকেট সফরটি নিয়ে আলোচনা হওয়ায় বিষয়টি শুধু ক্রীড়া সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। দুই দেশের সামগ্রিক সম্পর্কের উন্নয়নেও এই সিরিজ একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজের অনিশ্চয়তার পাশাপাশি চলতি বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারত এই টুর্নামেন্টে অংশ নেবে কি না, সেটিও দুই দেশের সম্পর্কের ওপর কিছুটা নির্ভর করছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, ক্রিকেট সিরিজ ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পরিস্থিতি এক নয়। ফলে ক্রিকেট সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সাফ ফুটবল আয়োজনের বিষয়টি একইভাবে প্রভাবিত হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সব মিলিয়ে সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের জন্য মাঠ ও সূচি নিয়ে প্রাথমিক প্রস্তুতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির ওপরই শেষ পর্যন্ত নির্ভর করছে দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজ মাঠে গড়াবে কি না।

এই শাখার আরও খবর

মানবিক বিভাগে ১০০ ছাত্রের ৫৯ জনই ফেল

মেলবোর্ন, ১০ আগষ্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে ছাত্রদের ফলাফলে বড় ধরনের অবনমন দেখা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা…

টাইফুন ডলফিনের তাণ্ডবে চীনে ঘরছাড়া ১০ লাখ মানুষ, বন্যা-ভূমিধসের শঙ্কা

মেলবোর্ন, ১০ আগষ্ট: শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে চীনের পূর্বাঞ্চলে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে অঞ্চলটির যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।…

চীনা অর্থায়নে ধীরগতি, অনিশ্চয়তায় বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্প

মেলবোর্ন, ১০ আগষ্ট:  একসময় বাংলাদেশের বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর অন্যতম প্রধান অর্থায়নকারী ছিল চীন। পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোসহ…

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মেলবোর্ন, ১০ আগষ্ট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে…

বাংলাদেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

মেলবোর্ন, ১০ আগষ্ট: দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট। তাপমাত্রা কিছুটা বাড়তেই গত কয়েক দিনের তুলনায় রোববার (৯ আগস্ট) লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়ে যায়।…

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত

মেলবোর্ন, ১০ আগষ্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au