বাংলাদেশ

মাদ্রাসায় যৌন নির্যাতন নিয়ে উদ্বেগ, পরিসংখ্যানের ঘাটতিতে প্রকৃত চিত্র নিয়ে ভিন্নমত

  • 7:31 pm - August 12, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
মাদ্রাসায় যৌন নির্যাতন নিয়ে উদ্বেগ, পরিসংখ্যানের ঘাটতিতে প্রকৃত চিত্র নিয়ে ভিন্নমত।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট: বাংলাদেশে মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী, বিশেষ করে শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠন, আইনজীবী, গবেষক ও অধিকারকর্মীদের কেউ কেউ বলছেন, বিভিন্ন সময়ে প্রকাশিত ঘটনাগুলো থেকে বোঝা যায় যে মাদ্রাসাভিত্তিক যৌন নির্যাতনের প্রকৃত সংখ্যা সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার চেয়েও বেশি হতে পারে। তবে মাদ্রাসা সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও শিক্ষক দাবি করছেন, এসব ঘটনা ঘটলেও বিভিন্ন প্রতিবেদনে মাদ্রাসাগুলোকে যেভাবে উপস্থাপন করা হয়, বাস্তব পরিস্থিতি ততটা ব্যাপক নয়।

বিষয়টি নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো, বাংলাদেশে মাদ্রাসাভিত্তিক যৌন নির্যাতনের আলাদা কোনো নির্ভরযোগ্য সরকারি বা মানবাধিকারভিত্তিক পরিসংখ্যান নেই। মানবাধিকার সংগঠনগুলো সাধারণত সংবাদমাধ্যমে প্রকাশিত ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা সংগ্রহ করে মোট হিসাব তৈরি করে। কিন্তু কোন ঘটনা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং কোনটি মাদ্রাসায় ঘটেছে, সে অনুযায়ী আলাদা হিসাব রাখা হয় না।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে।

কুষ্টিয়ার কুমারখালিতে গত ২১ জুলাই এক মাদ্রাসাশিক্ষার্থীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষককে আটক করে পুলিশ। অভিযোগ অনুযায়ী, ১২ জুলাই ওই শিক্ষার্থীকে নির্যাতনের পর ভয়ভীতি দেখিয়ে বিষয়টি প্রকাশ না করতে বাধ্য করা হয়। পরে অন্য শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারলে তা প্রকাশ্যে আসে।

ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছিল। তবে শিক্ষার্থীর বাবা এতে রাজি না হয়ে পুলিশকে বিষয়টি জানান। এরপর অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।

চট্টগ্রামের বাঁশখালিতে গত ৪ আগস্ট আট বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুহাম্মদ রমিজ উদ্দীন নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর বিভিন্ন সময়ে ওই শিশুকে ওয়াশরুমে নিয়ে নির্যাতন করা হতো।

নেত্রকোনায় গত ৭ মে আমানুল্লা মাহমুদী নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তার নির্যাতনের শিকার হয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, শিশুটি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছিল।

২০২৫ সালের ৮ মার্চ গাজীপুরের শ্রীপুরে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবদুল মালেক নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে ২০১৯ সালে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগ ওঠে। র‌্যাবের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই শিক্ষক তিন বছরে ১১ জন শিক্ষার্থীকে বিভিন্নভাবে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীদের মধ্যে আট বছর বয়সী একটি শিশুও ছিল।

একই বছরের জুলাইয়ে নেত্রকোনার কেন্দুয়ায় একটি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের বেলালির বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, নির্যাতনের বিষয়টি প্রকাশ না করতে শিক্ষার্থীদের ধর্মীয় শপথ করানো হয়েছিল। পরে একজন শিক্ষার্থী পরিবারের কাছে বিষয়টি জানালে অন্য অভিযোগগুলোও সামনে আসে।

মাদ্রাসাভিত্তিক আলাদা পরিসংখ্যান নেই

বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪০৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির অর্ধবার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় ২৩৮ শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর ১৭ জনকে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

জুলাই মাসে আরও ৯৫ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে সংগঠনটির হিসাবে উঠে এসেছে। তাদের মধ্যে ৬১ জনের বয়স ১৮ বছরের নিচে। একই সময়ে ১১ জন নারী ও কন্যাশিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

অন্যদিকে, আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ৩১৯টি ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে ১৬৪ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। এ সময় ধর্ষণের পর ৩০ জনকে হত্যা করা হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে, ২০২৫ সালে দেশে ৭৫৯টি ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে ৩৭০ জন ছিল শিশু ও অপ্রাপ্তবয়স্ক। একই সময়ে ধর্ষণের পর ৩৬ জনকে হত্যা করা হয়।

তবে এসব পরিসংখ্যানে মাদ্রাসায় সংঘটিত ঘটনাগুলো আলাদাভাবে চিহ্নিত করা হয়নি। ফলে মাদ্রাসায় যৌন নির্যাতনের প্রকৃত সংখ্যা কত, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

‘শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অধিকাংশ ঘটনা মাদ্রাসায়’

আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির বলেন, তারা প্রতিষ্ঠানভিত্তিক আলাদা পরিসংখ্যান রাখেন না। তবে তাদের পর্যবেক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ধর্ষণ ও যৌন হয়রানির অধিকাংশ ঘটনা মাদ্রাসায় ঘটছে।

তার মতে, মাদ্রাসায় শুধু মেয়েশিক্ষার্থীরাই নয়, ছেলেশিক্ষার্থীরাও উদ্বেগজনক হারে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে আবাসিক মাদ্রাসাগুলোতে পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির অভাব পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রধান নির্বাহী ইজাজুল ইসলাম বলেন, মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনা নতুন নয়। তবে এখন সংবাদমাধ্যমে বেশি প্রকাশ পাওয়ায় বিষয়টি মানুষের সামনে বেশি আসছে। বাস্তবে প্রকাশিত ঘটনার চেয়ে সংখ্যা আরও বেশি হতে পারে বলেও তিনি মনে করেন।

তার মতে, অনেক ঘটনা পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা সামাজিক চাপের কারণে প্রকাশ্যে আসে না।

মাদ্রাসা কর্তৃপক্ষের ভিন্নমত

তবে মাদ্রাসা সংশ্লিষ্টদের অনেকে এই ধরনের বক্তব্যের সঙ্গে একমত নন। ঢাকার লালবাগের জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার প্রধান মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তার অভিযোগ, একটি মহল মাদ্রাসাশিক্ষাকে লক্ষ্য করে বিচ্ছিন্ন ঘটনাকে অতিরঞ্জিতভাবে প্রচার করছে।

খিলগাঁওয়ের দারুন কুরআন মেহেরুন্নেসা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি মেহেদি হাসানও দাবি করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত মাদ্রাসায় ধর্ষণ ও যৌন হয়রানির অনেক তথ্য অপপ্রচারমূলক। তার মতে, এসব ঘটনা মাদ্রাসাগুলোতে খুবই কম ঘটে।

তিনি জানান, তার প্রতিষ্ঠানে অভিভাবকদের অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। মাদ্রাসার প্রবেশপথ ও শ্রেণিকক্ষের বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

নজরদারি বাড়ানোর কথা বলছে বোর্ড

আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার মো. সাদেকুর রহমান বলেন, কওমি মাদ্রাসাগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে আলিয়া মাদ্রাসায় যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে শিক্ষককে বরখাস্ত করা হয় এবং ফৌজদারি মামলা হলে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি ও সিলেটের গওহরপুর কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুসলেহউদ্দিন রাজু বলেন, মাদ্রাসায় যৌন হয়রানির ঘটনা যে ঘটে না, তা নয়। তবে সংবাদমাধ্যমে যেভাবে বিষয়টি প্রচার করা হয়, বাস্তব পরিস্থিতি ততটা নয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩৫ হাজার নিবন্ধিত কওমি মাদ্রাসা রয়েছে। এর বাইরে আরও প্রায় ১৫ হাজার কওমি মাদ্রাসা রয়েছে, যেগুলো নিবন্ধিত নয়। ফলে এসব প্রতিষ্ঠানকে নিয়মিত নজরদারির আওতায় আনা কঠিন।

তিনি জানান, নিবন্ধিত মাদ্রাসাগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা করা হয়েছে। বিশেষ করে মহিলা ও আবাসিক মাদ্রাসাগুলোর ওপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।

গবেষকদের মতে, সমস্যাটি শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মজিবুর রহমান বলেন, আবাসিক মাদ্রাসার একটি বড় অংশে শিক্ষার্থীদের থাকা, খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা একই জায়গায় হওয়ায় সেখানে নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী নিম্নআয়ের পরিবারের হওয়ায় অভিভাবকদের পক্ষেও নিয়মিত খোঁজ নেওয়া সম্ভব হয় না।

তবে তিনি মনে করেন, যৌন নির্যাতন শুধু মাদ্রাসার সমস্যা নয়। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের ঘটনা ঘটে। তাই পুরো শিক্ষা ব্যবস্থার জবাবদিহি ও নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা প্রয়োজন।

২০১৯ সালে মাদ্রাসায় যৌন নিপীড়ন নিয়ে ‘বিষফোঁড়া’ নামে একটি বই লেখেন সাংবাদিক সাইফুল বাতেন টিটো। তিনি দাবি করেন, গবেষণার অংশ হিসেবে তিনি প্রায় ২০০টি মাদ্রাসায় গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বিশেষ করে আবাসিক কওমি মাদ্রাসাগুলোতে শিশুদের যৌন হয়রানির ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং অনেক ক্ষেত্রে বিচার না হওয়ায় সমস্যাটি একটি চক্রে পরিণত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক স্নিগ্ধা রেজওয়ানা বলেন, শিশুর যৌন শোষণকে শুধু কোনো একটি ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা হিসেবে না দেখে সামগ্রিক সামাজিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা হিসেবে বিবেচনা করা উচিত। তার মতে, বিষয়টিকে শুধু মাদ্রাসাকেন্দ্রিকভাবে উপস্থাপন করলে এক ধরনের প্রতিরোধ তৈরি হতে পারে এবং মূল সমস্যার সমাধান কঠিন হয়ে যেতে পারে।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগগুলো এখন উদ্বেগজনকভাবে সামনে আসছে। এসব ঘটনা প্রতিরোধে সরকারি নজরদারি বাড়ানো, মাদ্রাসাগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং যৌন নিপীড়ন প্রতিরোধে কমিটি গঠন করা প্রয়োজন।

আইন কী বলছে

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, বাংলাদেশের আইনে ছেলেশিশুর ওপর যৌন নির্যাতনও ধর্ষণের আওতায় পড়ে এবং আদালতে ধর্ষণ প্রমাণিত হলে গুরুতর শাস্তির বিধান রয়েছে।

তার মতে, দেশের সব মাদ্রাসাকে সরকারি নিবন্ধনের আওতায় আনা এবং শিক্ষকদের যথাযথ নিবন্ধন ও যাচাইয়ের ব্যবস্থা করা প্রয়োজন। বিশেষ করে আবাসিক মাদ্রাসাগুলোর ক্ষেত্রে নিয়মিত নজরদারি ও অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা থাকা জরুরি।

তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল থাকার কথা। কিন্তু যেসব মাদ্রাসা এখনো নিবন্ধিত নয়, সেসব প্রতিষ্ঠানে এই ধরনের কাঠামো কার্যকর করা কঠিন।

সব মিলিয়ে, মাদ্রাসায় যৌন নির্যাতনের প্রকৃত চিত্র নিয়ে মতপার্থক্য থাকলেও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন নেই। অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা, অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি এবং সব মাদ্রাসায় কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার ওপরই এখন গুরুত্ব দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

‘মেন ইন প্রপার্টি অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ফাস্ট সেটেলের মোহাম্মদ শেখ

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার সম্পত্তি ও কনভেয়ান্সিং খাতে উল্লেখযোগ্য পেশাগত স্বীকৃতি অর্জন করেছেন ফাস্ট সেটেল কনভেয়ান্সিং অ্যান্ড প্রপার্টি ল-এর প্রিন্সিপাল মোহাম্মদ শেখ। অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব কনভেয়ান্সার্স ভিক্টোরিয়ার…

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

মেলবোর্ন, ১২ আগষ্ট: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর…

বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার আর নেই

মেলবোর্ন, ১২আগষ্ট- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার মারা গেছেন।…

সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১২ আগষ্ট:  সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী…

সাভারে ফের প্রেশার কুকার ঘিরে আতঙ্ক, ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

মেলবোর্ন, ১২ আগষ্ট: সাভারে ফের বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি…

অ্যালবানিজের ‘মেলন’ অঙ্গভঙ্গি, বিতর্কে গুরুত্ব দিচ্ছে না জাপান

মেলবোর্ন, ১২ আগষ্ট: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের বিতর্কিত হাতের অঙ্গভঙ্গি নিয়ে অবশেষে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। তবে বিষয়টিকে বড় করে দেখছে না দেশটির সরকার। অস্ট্রেলিয়ায় নিযুক্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au