বাংলাদেশ

দেশজুড়ে কেন বেড়েছে লোডশেডিং, কি বলছে সরকার

  • 5:05 am - August 13, 2026
  • পঠিত হয়েছে:২৬০ বার
দীর্ঘ লোডশেডিংয়ে অন্ধকারে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- গ্যাস সরবরাহে বড় ঘাটতি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত এবং বিদ্যুৎ খাতের বকেয়া বিলসহ নানা সংকটে দেশে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গ্রামাঞ্চলের কোনো কোনো এলাকায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।

দিনাজপুরের নবাবগঞ্জের বাসিন্দা ফয়সাল আহমেদ বলেন, সকাল, দুপুর কিংবা রাত, সব সময়ই বিদ্যুৎ যাচ্ছে। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের দেড় ঘণ্টা থাকছে না। মাগুরার বাসিন্দা দেবাশিষ বিশ্বাস জানান, গভীর রাতে বিদ্যুৎ চলে গেলে শিশুদের ঘুম ভেঙে যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যেও প্রায় একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন গ্রাহকেরা।

তীব্র লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শিল্প খাতেও। গ্যাস ও বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, আগের তুলনায় জ্বালানি সরবরাহ আরও কমে গেছে।

কেন বাড়ছে লোডশেডিং

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের মতে, বর্তমান সংকটের প্রধান কারণ গ্যাসের তীব্র ঘাটতি। দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ গ্যাসভিত্তিক। কিন্তু মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর দৈনিক চাহিদা প্রায় ২ হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুট হলেও মঙ্গলবার সরবরাহ করা হয়েছে মাত্র ৭৪৪ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহ ছিল অনেক কম। জ্বালানি সংকটে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধও রয়েছে।

এর পাশাপাশি বড়পুকুরিয়ার মতো বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেও কারিগরি ত্রুটি ও কয়লা সরবরাহের সমস্যায় উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে, বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ আমদানিকারকদের কাছে সরকারের বড় অঙ্কের বকেয়া জমে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বিদ্যুত বিভাগ। ছবিঃ সংগৃহীত

চাহিদার তুলনায় উৎপাদন কম

বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার ৫০০ মেগাওয়াটের কিছু বেশি। বিপরীতে কাগজে-কলমে মোট উৎপাদন সক্ষমতা প্রায় ৩৩ হাজার ৯২ মেগাওয়াট। তবে সব কেন্দ্র একসঙ্গে চালানোর মতো জ্বালানি ও অন্যান্য সক্ষমতা না থাকায় বাস্তবে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।

গত কয়েক সপ্তাহ ধরে লোডশেডিং বাড়তে থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও তীব্র হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় ৬ হাজার ৪৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫৮৫ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। দেশের অন্যান্য এলাকাতেও চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলমের মতে, এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং দ্রুত কমার সম্ভাবনা কম। তার মতে, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমানো এবং জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি।

ক্ষোভে বিদ্যুৎ অফিসে হামলা

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কোথাও কোথাও বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের এরিয়া অফিসে হামলার ঘটনা ঘটে। পার্বতীপুরের ভবের বাজার ইনডোর উপকেন্দ্রেও হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন বুধবার পুলিশ মহাপরিদর্শকের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে। সংগঠনটির দাবি, পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর আওতায় গড়ে ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, বিদ্যুৎ অফিস, উপকেন্দ্র ও কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোথাও অতিরিক্ত ও কোথাও কম লোডশেডিং না করে সুষমভাবে লোড ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুত। ছবিঃ প্রতীকী

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা

চলমান সংকটের মধ্যে বুধবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, ১২ আগস্ট সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে সংকট পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এলএনজি টার্মিনাল এখনো পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। আর দেশীয় গ্যাস উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সারা দেশের শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ বিভাগ জেলা প্রশাসনগুলোকে এ নির্দেশনা পাঠায়।

নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার কথাও বলা হয়েছে। মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।

বিদ্যুৎ বিভাগ বলছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়া, বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা এবং জ্বালানি সরবরাহ বাড়ানোর ওপরই মূলত লোডশেডিং পরিস্থিতির উন্নতি নির্ভর করছে। ফলে আপাতত গরমের মধ্যে বিদ্যুৎ সংকট থেকে দ্রুত পুরোপুরি স্বস্তি পাওয়ার নিশ্চয়তা মিলছে না।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au