মেলবোর্ন, ১৩ আগষ্ট- সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিতের আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এ রিট দায়ের করেন।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন রিটকারী।
৭০ অনুচ্ছেদে কী বলা আছে
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দিতে পারেন না। ফলে তাঁদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেওয়ার অধিকার সীমিত হয় এবং গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই। এ কারণে অনুচ্ছেদটির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
আজই শেষ হচ্ছে মনোনয়নপত্র জমার সময়
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা।
ইসি জানিয়েছে, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ইতোমধ্যে জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। তপশিল অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কবে হবে ভোট
তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সবশেষে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের হলো।