বিশ্ব

জমি কেনাবেচায় বিধিনিষেধ

‘ল্যান্ড জিহাদ’ ঠেকাতে নতুন আইন চান শুভেন্দু, উঠছে নানা প্রশ্ন

নতুন আইন

  • 2:16 am - August 14, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
‘ল্যান্ড জিহাদ’ ঠেকাতে নতুন আইন চান শুভেন্দু, উঠছে নানা প্রশ্ন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগস্ট: পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ ও জমি কেনাবেচায় বিধিনিষেধ আনতে আইন করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই ঘোষণাকে আগের ‘ল্যান্ড জিহাদ বন্ধ করব’ মন্তব্যের সঙ্গে মিলিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, প্রস্তাবিত আইন কি মূলত মুসলিম সম্প্রদায়কেই লক্ষ্য করবে?

মঙ্গলবার (১১ আগস্ট) বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। নিজের সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ধর্মান্তকরণ ও জমি কেনাবেচার ক্ষেত্রে আইন প্রণয়ন এখন তাঁর সরকারের অন্যতম লক্ষ্য। এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

‘ল্যান্ড জিহাদ’ শব্দটির কোনো নির্দিষ্ট আইনগত বা সাংবিধানিক সংজ্ঞা নেই। তবে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠন গুলোর বক্তব্যে সাধারণত নির্দিষ্ট এলাকায় জমির মালিকানা ও জনবিন্যাস পরিবর্তনের অভিযোগ বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়। সমালোচকদের মতে, এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে পরোক্ষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এর আগে ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ নিষিদ্ধ করার কথা বলেছিলেন। আসাম ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বক্তব্যেও বিভিন্ন সময়ে একই ধরনের শব্দ উঠে এসেছে।

‘লাভ জিহাদ’ নিয়েও দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অভিযোগ, মুসলিম যুবকেরা প্রেম বা বিয়ের মাধ্যমে হিন্দু নারীদের ধর্মান্তরিত করছে। তবে ভারতের সুপ্রিম কোর্ট হাদিয়া মামলায় প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজের পছন্দের ধর্ম ও জীবনসঙ্গী বেছে নেওয়ার সাংবিধানিক অধিকারের কথা উল্লেখ করেছে।

অন্যদিকে ‘ল্যান্ড জিহাদ’ নিয়ে বিভিন্ন রাজ্যে জমি দখল, মালিকানা পরিবর্তন ও জনবিন্যাসের বিষয় সামনে আনা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগকে জনবিন্যাস পরিবর্তন ঠেকানোর সঙ্গে যুক্ত করেছেন। একই ধরনের রাজনৈতিক বক্তব্য আসামেও দেখা গেছে।

আসামে ২০২৫ সালে জমি কেনাবেচা নিয়ে একটি আইন করা হয়। এতে ভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি হস্তান্তরের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমোদনের বিধান রাখা হয়েছে। আইনটিতে সরাসরি কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ওপর নিষেধাজ্ঞা না থাকলেও, এর পক্ষে যুক্তি দিতে গিয়ে ‘ল্যান্ড জিহাদ’ ও জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি সামনে আনা হয়েছিল।

এখন পশ্চিমবঙ্গে একই ধরনের আইন এলে তার সঙ্গে আসামের আইনের মিল থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। তবে প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশ না হওয়া পর্যন্ত এর প্রকৃত পরিধি বা প্রভাব সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আইনটি শুধু মুসলমানদের জন্য উদ্বেগের কারণ হবে কি না, তা নিয়েও ভিন্নমত রয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাদ মাহমুদের মতে, জমি কেনাবেচায় ধর্মীয় পরিচয় কোনো শর্ত হয়ে উঠলে তা সব সম্প্রদায়ের মানুষের ওপরই প্রভাব ফেলতে পারে। ভিন্ন ধর্মের ক্রেতার কাছে জমি বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত আইনি জটিলতা তৈরি হলে বিক্রেতারা একই ধর্মের ক্রেতাকে অগ্রাধিকার দিতে পারেন। এতে বাজারে জমির স্বাভাবিক মূল্য নির্ধারণ ও লেনদেন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে ডানপন্থি মতাদর্শের সমর্থক অধ্যাপক ঝন্টু চিক বরাইক মনে করেন, জনবিন্যাসের ভারসাম্য রক্ষা ও অবৈধ দখল ঠেকাতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন হতে পারে। তাঁর দাবি, এর উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ‘ল্যান্ড জিহাদ’ বা ‘লাভ জিহাদ’-এর মতো শব্দের ব্যবহার সমাজে ধর্মীয় মেরুকরণ বাড়াতে পারে। তাঁদের মতে, অর্থনৈতিক ও সামাজিক নানা ইস্যুর পাশাপাশি এ ধরনের ধর্মীয় বিতর্ক রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পাওয়ায় সাম্প্রদায়িক উত্তেজনার ঝুঁকি তৈরি হতে পারে।

পশ্চিমবঙ্গে প্রস্তাবিত আইন বাস্তবে কী রূপ নেবে, সেটিই এখন মূল প্রশ্ন। আইনটির খসড়া প্রকাশের পরই বোঝা যাবে, এতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বিধিনিষেধ থাকছে কি না এবং জমি কেনাবেচার ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর এর প্রকৃত প্রভাব কতটা পড়বে।

এই শাখার আরও খবর

তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে ব্লাস্টের ৩ দাবি, মোমবাতি প্রজ্বালন

মেলবোর্ন, ১৪ আগস্ট: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট…

স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো বসাতে চীনা প্রতিষ্ঠানের উদ্যোগ ঠেকিয়েছে নিউজিল্যান্ড

মেলবোর্ন, ১৪ আগস্ট- চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট একটি পর্যবেক্ষণ সংস্থা নিউজিল্যান্ডে স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো স্থাপনের চেষ্টা করেছিল। তবে সেই উদ্যোগ ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের…

খুলনায় মিষ্টির প্যাকেটে ফেনসিডিল, দুই কারবারির যাবজ্জীবন

মেলবোর্ন, ১৪ আগস্ট- খুলনায় মাদক মামলায় সিরাজ খাঁ ও হারুন অর রশিদ নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা…

জাপানি তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক বিতর্ক

মেলবোর্ন, ১৪ আগস্ট- জাপানের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিশেষ জাতের তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের একটি কৌতুকপূর্ণ মন্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।…

কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি, মেশিনের ভেতর মিলল যুবকের মরদেহ

মেলবোর্ন, ১৪ আগস্ট- সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড হিলসে কর্মস্থল থেকে বাড়ি না ফেরায় ছেলেকে খুঁজতে গিয়ে মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হয়েছেন এক বাবা। ২৬ বছর বয়সী কর্মী জশ…

বিল গেটসের মেয়ের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘কুকি স্টাফিং’ অভিযোগ

মেলবোর্ন, ১৪ আগস্ট: মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে ফিবি গেটসের সহপ্রতিষ্ঠান ফিয়ার বিরুদ্ধে অনলাইনে পণ্য বিক্রির কমিশন কৃত্রিমভাবে বাড়ানোর জন্য ‘কুকি স্টাফিং’ পদ্ধতি ব্যবহারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au