খেলা

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি: অস্ট্রেলিয়ার গণমাধ্যম

  • 1:09 am - August 15, 2026
  • পঠিত হয়েছে:১৩ বার
অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের খবর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশটির গণমাধ্যম। প্রথম ইনিংসে স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে আটকে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ লড়াই করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান তুলে ১৫৩ রানের লিড নিয়েছে সফরকারীরা। এমন পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বাংলাদেশকে আর ‘ছোট’ দল হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করা হয়েছে।

ডারউইন টেস্ট শুরুর আগে অবশ্য পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। অস্ট্রেলিয়ার তারকাসমৃদ্ধ দলের বিপক্ষে বাংলাদেশকে ফেবারিট হিসেবে দেখার লোক খুব বেশি ছিল না। এর পেছনে ছিল সাম্প্রতিক পারফরম্যান্সও। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং নিয়ে হতাশ করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল তারা।

এর সঙ্গে যোগ হয়েছিল চোটের সমস্যা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের অন্যতম বড় ভরসা ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও তাঁকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। কিন্তু সিরিজ শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান এই গতি তারকা।

সব প্রতিকূলতা পেছনে ফেলে অবশ্য মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে তুলে নিয়েছে সফরকারীরা।

ডারউইন টেস্টে বাংলাদেশের সাফল্যের শুরুটা হয়েছে বল হাতে। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে মাত্র ১৯৮ রানে। হাসান একাই নিয়েছেন ৬ উইকেট।

এরপর ব্যাট হাতে বাংলাদেশকে এগিয়ে নেন তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

তানজিদের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটিংও বাংলাদেশকে বড় লিড এনে দিয়েছে। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে তাদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

তৃতীয় দিনে এই লিড আরও বাড়িয়ে অস্ট্রেলিয়াকে বড় চাপে ফেলার লক্ষ্য থাকবে বাংলাদেশের। হাতে এখনো চার উইকেট থাকায় প্রথম ইনিংসে ২০০ রানের কাছাকাছি লিড নেওয়ার সুযোগও রয়েছে সফরকারীদের।

বাংলাদেশের এমন পারফরম্যান্সে প্রশংসায় ভাসছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। সাবেক অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট ও ডেভিড ওয়ার্নারসহ দেশটির সাবেক ক্রিকেটাররা বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিকেট ডটকম ডট এইউ-এর একটি বিশ্লেষণেও বাংলাদেশের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে, ‘টাইগার’রা মোটেও নখদন্তহীন নয়। বরং বাংলাদেশ এখন আর ছোট দল নয়, তারা সত্যিকারের হুমকি।

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এমন অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার ক্ষেত্রে পিছিয়ে থাকা দল হিসেবে দেখা হয়েছে। কিন্তু ডারউইনে সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড-এর বিশ্লেষণেও বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া এমন একটি দলের কাছ থেকে টেস্ট ব্যাটিংয়ের পাঠ নিয়েছে, যারা নিজেদের ভুলের কাছে হার মানতে রাজি নয়।

একসময় বাংলাদেশকে এমন একটি দল হিসেবে দেখা হতো, যারা চাপের মধ্যে ভুল করত এবং ম্যাচের ফল নিজেদের বিপক্ষে যাওয়ার আগেই মানসিকভাবে হেরে বসত। কিন্তু ডারউইনে সেই পুরোনো বাংলাদেশের কোনো ছাপ দেখা যায়নি। বরং প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছে তারা।

অস্ট্রেলিয়া সফরের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলেছিলেন, ২০০৩ সালের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়। সে সময়ের ব্যর্থতার কথা মাথায় না রেখে জয় পাওয়ার লক্ষ্যেই মাঠে নামার কথা জানিয়েছিলেন তিনি।

ডারউইনে এখন পর্যন্ত মাঠের পারফরম্যান্সেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেওয়ার পর বাংলাদেশ ব্যাটাররা দেখিয়েছেন, তারা শুধু ম্যাচ বাঁচানোর জন্য নয়, ম্যাচ জেতার লক্ষ্যেই খেলছেন।

বিশেষ করে তানজিদের সেঞ্চুরি এবং শান্ত-মুমিনুলের গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ চালকের আসনে থাকলেও ম্যাচ এখনো শেষ হয়নি। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই তৃতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য হবে যতটা সম্ভব বড় লিড নেওয়া এবং এরপর বল হাতে অস্ট্রেলিয়াকে চাপে রাখা।

তবে ফল যা-ই হোক, ডারউইন টেস্টের প্রথম দুই দিন বাংলাদেশের জন্য ইতোমধ্যে বড় একটি বার্তা দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর ফিরে এসে বিশ্বের অন্যতম শক্তিশালী টেস্ট দলের বিপক্ষে বাংলাদেশ যে আর আগের মতো ‘ছোট দল’ নয়, মাঠের পারফরম্যান্সেই তার প্রমাণ দিয়েছে।

এই শাখার আরও খবর

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, ‘চরম অব্যবস্থাপনা ও অবহেলার ফল: জি-স্কপ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য…

অস্ট্রেলিয়ার জিএসটি ব্যবস্থায় ২৩ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়, সমালোচনার মুখে সরকার

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়ার পণ্য ও সেবা কর বা জিএসটি বণ্টনব্যবস্থা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। দেশটির উৎপাদনশীলতা কমিশনের এক অন্তর্বর্তী পর্যালোচনায় বলা হয়েছে, ২০১৮…

শাহজালালের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে বিমানে ৩১ রাউন্ড গুলি, দিল্লিতে ধরা পড়ল ব্যবসায়ীর ব্যাগ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলি নিয়ে একটি ব্যাগ কীভাবে বিমানে উঠল, তা নিয়ে গুরুতর প্রশ্ন…

আফগানিস্তানে ২৪ লাখ মেয়েকে মাধ্যমিক শিক্ষায় বাধা

মেলবোর্ন, ১৫ আগষ্ট- তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক…

ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে একটানা ২৫০ দিনের বেশি সময় ধরে বসবাস করছেন হাজার হাজার মার্কিন সামরিক সদস্য, যেখানে তারা খাদ্যসংকট,…

বাদাখশানে ফের তালেবান কর্মকর্তার মৃত্যু, এবার নিহত মেয়র

মেলবোর্ন, ১৫ আগষ্ট- আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদের মেয়র হাবিব উর রহমান মনসুর বিস্ফোরণে নিহত হয়েছেন। গত দুই সপ্তাহে প্রদেশটিতে হামলার শিকার হয়ে নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au