বাংলাদেশ

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা

  • 6:01 am - August 15, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
সামাজিক যোগাযোগমাধ্যম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক, দায়িত্বশীল ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৪ আগস্ট) পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বার্তায় প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সতর্ক করে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বক্তব্য, মন্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার চালানোর আগে সংশ্লিষ্ট বিষয়টির সত্যতা ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে হবে। এমন কোনো তথ্য বা কনটেন্ট প্রকাশ কিংবা প্রচার করা থেকে বিরত থাকতে হবে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর অথবা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী হতে পারে।

দূতাবাস বলেছে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন দেশের সামাজিক ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফলে অনলাইনে প্রকাশ করা কোনো বক্তব্য বা কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব ব্যক্তি, তার পরিবার, সংশ্লিষ্ট কমিউনিটি এবং কখনো কখনো পুরো দেশের ভাবমূর্তির ওপরও পড়তে পারে।

এ কারণে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা, উসকানিমূলক বক্তব্য দেওয়া, বিতর্কিত বা আপত্তিকর মন্তব্য করা কিংবা আইনবিরোধী কোনো কর্মকাণ্ডের প্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য বা কনটেন্ট প্রকাশের আগে সেটি সত্য ও নির্ভরযোগ্য কি না, তা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ওই বক্তব্য বা কনটেন্ট প্রকাশের ফলে ব্যক্তি বা অন্য কারও ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সেটিও বিবেচনা করা উচিত।

দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, অনলাইনে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যার কারণে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে। একজনের ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে পুরো বাংলাদেশি সম্প্রদায়কে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি পোল্যান্ডের প্রচলিত আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটিতে বসবাসের ক্ষেত্রে অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন, কর্মক্ষেত্রের আইন, ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিধি এবং অন্যান্য স্থানীয় আইন মেনে চলতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস বলেছে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করা জরুরি। প্রবাসে থাকা প্রতিটি বাংলাদেশির আচরণ ও কর্মকাণ্ডের সঙ্গে দেশের ভাবমূর্তির বিষয়টিও জড়িত। তাই ব্যক্তিগত স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার ব্যবহারের ক্ষেত্রেও স্থানীয় আইন ও সামাজিক পরিবেশের প্রতি সম্মান দেখাতে হবে।

বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উদ্দেশে দূতাবাস আরও বলেছে, কোনো বিষয়ে বিভ্রান্তি বা অনিশ্চয়তা থাকলে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার না করাই ভালো। বিশেষ করে স্পর্শকাতর, রাজনৈতিক, সামাজিক কিংবা আইনগত কোনো বিষয় নিয়ে পোস্ট, মন্তব্য বা প্রচারের আগে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর দূতাবাসের এই বার্তাকে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সচেতন করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কর্মকাণ্ডের সামাজিক ও আইনগত প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটির মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এই শাখার আরও খবর

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au