বাংলাদেশ

‘আওয়ামী লীগবিরোধীরা বাংলাদেশকে আবারও পাকিস্তানে পরিণত করতে চায়’ অভিযোগ হাসিনার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, দেশে অনিরাপত্তা ও নৈরাজ্যের সময় চলছে; ফিরে এসে মুজিবুর রহমানের ‘অসমাপ্ত স্বপ্ন’ পূরণের অঙ্গীকার

  • 12:32 pm - August 16, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
‘আওয়ামী লীগবিরোধীরা বাংলাদেশকে আবারও পাকিস্তানে পরিণত করতে চায়’ অভিযোগ হাসিনার।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট: জাতীয় শোক দিবস পালনের মধ্যে শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগবিরোধী ও বাংলাদেশবিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে ‘আবারও পাকিস্তানে পরিণত করার মহাপরিকল্পনা’ বাস্তবায়নের অভিযোগ করেছেন।

আওয়ামী লীগ তাদের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে। সেখানে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ ব্যাপক নৈরাজ্যের মধ্যে পড়ে গেছে। আওয়ামী লীগের সমর্থক, সংখ্যালঘু ও নারীরা অনিরাপত্তার মধ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ দিনটি পালন করে আওয়ামী লীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের কথা স্মরণ করে শেখ হাসিনা অভিযোগ করেন, পাকিস্তানপন্থী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে একদল সামরিক কর্মকর্তা এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির জন্য গভীর বেদনা ও শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে হত্যা করা হয়। যখন যুদ্ধবিধ্বস্ত নতুন রাষ্ট্রটি হাজারো চ্যালেঞ্জের মধ্য দিয়ে পুনর্গঠিত হচ্ছিল, তখন পাকিস্তানপন্থী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে একদল সামরিক কর্মকর্তা এই হত্যাকাণ্ড ঘটায়।’

তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যে রাজনৈতিক ও সাংস্কৃতিক পথে এগিয়ে যাচ্ছিল, তা পরিবর্তনের প্রচেষ্টার সঙ্গে ওই হত্যাকাণ্ডের যোগসূত্র ছিল।

শেখ হাসিনা বলেন, ‘মূলত পাকিস্তানি রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধি হিসেবে সামরিক বাহিনী এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়ে ১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। পরবর্তী ২১ বছরের ইতিহাস হয়ে ওঠে বাংলাদেশকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে পাকিস্তানে পরিণত করার প্রচেষ্টার ইতিহাস।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন পাকিস্তানপন্থী রাজনীতির পুনরুত্থানের প্রক্রিয়া ধীর হয়েছিল। তবে ২০০১ সালের পর সেই প্রক্রিয়া আবারও শুরু হয় বলে তিনি দাবি করেন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বাংলাদেশকে ‘পাকিস্তানি গতিপথ’ থেকে সরিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫ বছর আওয়ামী লীগ দেশকে পাকিস্তানি গতিপথ থেকে ইউটার্ন করিয়ে মুক্তিযুদ্ধ ও সমৃদ্ধির পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ওই ১৫ বছরে বাংলাদেশ বিশ্বের চোখে প্রবৃদ্ধির একটি অসাধারণ উদাহরণে পরিণত হয়েছিল। তবে ওই পুরো ১৫ বছরজুড়েই ষড়যন্ত্রকারীদের প্রস্তুতি চলছিল।’

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পর তাঁর সরকার ক্ষমতাচ্যুত হয়।

তিনি অভিযোগ করেন, এরপর আওয়ামী লীগবিরোধী ও বাংলাদেশবিরোধী শক্তিগুলো বাংলাদেশকে ‘আবারও পাকিস্তানে পরিণত করার মহাপরিকল্পনায়’ যুক্ত হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘এর ফল হলো দেশটি ব্যাপক নৈরাজ্যের অন্ধকারে নিমজ্জিত হয়েছে। অর্থনীতিতে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। দরিদ্র মানুষ ক্ষুধার্ত বা অর্ধাহারে দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগের সমর্থক, সংখ্যালঘু ও নারীদের জন্য বাংলাদেশ একটি স্থায়ী ভয় ও অনিরাপত্তার দেশে পরিণত হয়েছে।’

বিবৃতির শেষ দিকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার অঙ্গীকার করেন। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত স্বপ্ন’ বাস্তবায়নের যে দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়েছে বলে তিনি মনে করেন, তা পূরণ করতে তিনি দেশে ফিরবেন।

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au