বাংলাদেশ

তারেক রহমানের দিল্লি সফর আপাতত হচ্ছে না, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা

  • 9:22 pm - August 16, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
তারেক রহমান চলতি মাসেই দিল্লি যাবেন এমন খবর বেরিয়েছিল সংবাদ মাধ্যমে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আপাতত হচ্ছে না। সফরের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগ চললেও দিল্লির সঙ্গে সম্পর্কের কিছু অমীমাংসিত বিষয় সমাধান না হওয়া পর্যন্ত ‘অনুকূল পরিবেশ’ তৈরি হওয়া প্রয়োজন বলে জানিয়েছে ঢাকা।

রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সরকারের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশ কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছে। তবে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কারণে সফরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে বাংলাদেশ।

শহীদুল করিম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয় যা বললো

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে ঢাকা।

এর পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।শহীদুল করিম বলেন, “বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে।”

তিনি আরও বলেন, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অব্যাহত রাখবে সরকার।

তবে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ চলার পরও ঠিক কী কারণে তারেক রহমানের সম্ভাব্য সফর আপাতত হচ্ছে না, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

দিল্লি সফরের আমন্ত্রণ ছিল একাধিক

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আসা ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব আমন্ত্রণের কথা জানিয়েছিলেন। তবে তখন সফর নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন তিনি।

এরপর ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সরকারি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়, আগস্টের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফরে দিল্লি যেতে পারেন তারেক রহমান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গত ১০ই অগাস্ট তার প্রথম সাক্ষাৎ করেছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ছবি: সংগৃহীত

দিল্লিঢাকা সম্পর্কের টানাপোড়েন

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ দৃশ্যমান হয়।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি ছিল এর অন্যতম উদাহরণ। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেন। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক যোগাযোগের মধ্য দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছিল।

তবে এই প্রক্রিয়ায় বড় অস্বস্তির কারণ হয়ে ওঠে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য।

শেখ হাসিনার বক্তব্য ঘিরে নতুন অস্বস্তি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানের আগে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে দিল্লির সহযোগিতা চেয়েছিল ঢাকা।

সংবাদ সম্মেলনটি আয়োজন করে এফসিসি সাউথ এশিয়া। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরপরই কঠোর প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারেক রহমানের সরকার শুরু থেকেই ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য বন্ধ করা এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির কাছে অনুরোধ জানিয়ে আসছে। ভারত অবশ্য বারবার জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর বাড়ে সফরের জল্পনা

গত ১০ আগস্ট ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতের প্রতি বাংলাদেশের প্রত্যাশার কথাও জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় আছেন তারা।ছবি: সংগৃহীত

বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার “খুবই ভালো আলোচনা” হয়েছে এবং দুই দেশ সামনের দিকে এগিয়ে যেতে চায়।

তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারতের আমন্ত্রণ আগে থেকেই রয়েছে এবং ভারতীয় পক্ষও এ সফরের বিষয়ে ইতিবাচক।

এর কয়েক ঘণ্টা পর দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এরপর তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

তবে শেষ পর্যন্ত রোববার ঢাকার পক্ষ থেকে জানানো হলো, সফরের জন্য এখনো প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরি হয়নি।

এখন দিল্লির জবাবের অপেক্ষা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য থেকে স্পষ্ট, তারেক রহমানের ভারত সফর আয়োজনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে ঢাকা।

এর আগে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছিলেন, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের অন্যতম লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক পুনর্গঠন এবং ভবিষ্যৎ আলোচনার জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা।

এখন ঢাকা প্রকাশ্যে ‘অনুকূল পরিবেশের’ কথা বলার পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ দাবিও সামনে এনেছে। ফলে এসব বিষয়ে ভারতের প্রতিক্রিয়া কী হয় এবং তার ওপর দুই দেশের সম্পর্ক ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের ভবিষ্যৎ কীভাবে নির্ধারিত হয়, সেটিই এখন নজরের বিষয়।

সূত্র: বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

বাংলাদেশকে কীভাবে দেখছেন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ

মেলবোর্ন, ১৬ আগষ্ট: বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী দেশগুলোর মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখার হার তুলনামূলক বেশি…

অস্ট্রেলিয়ায় বাড়ির দাম কমায় ‘নেগেটিভ ইকুইটি’ নিয়ে উদ্বেগ, কতটা বড় ঝুঁকি?

মেলবোর্ন, ১৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে বাড়ির দাম দ্রুত কমে যাওয়ার পূর্বাভাসের পর ‘নেগেটিভ ইকুইটি’ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন,…

বিষাক্ত গ্যাসে বাবার মৃত্যু, অনিশ্চয়তায় দুই শিশুর জীবন

মেলবোর্ন, ১৬ আগষ্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের প্রভাবে আবদুল আলিম (৩৫) নিহত হওয়ার পর পাবনার সুজানগরের সৈয়দপুর গ্রামের তাঁর বাড়িতে নেমে এসেছে শোকের…

ট্রাম্পের সামরিক ব্যয় বনাম রুবিওর ইরাননীতি, জিআইএফে ইরানের ব্যঙ্গ

মেলবোর্ন, ১৬ আগষ্ট: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ব্যঙ্গ করে আলোচনায় এসেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের…

অস্ট্রেলিয়ায় বাধ্যতামূলক সুপার নিয়ে প্রশ্ন পলিন হ্যানসনের, ‘এটা কর্মীদেরই টাকা’

মেলবোর্ন, ১৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বাধ্যতামূলক অবসরকালীন সঞ্চয় বা ‘সুপারঅ্যানুয়েশন’ ব্যবস্থা সংস্কারের পক্ষে মত দিয়েছেন ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন। তিনি বলেছেন, অবসরের আগেই প্রয়োজনের…

কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

মেলবোর্ন, ১৬ আগষ্ট: বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের নাম আইয়ুব বাচ্চু। গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কয়েক দশক ধরে তিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au