খালি চোখে সূর্যগ্রহণ দেখে চোখের সমস্যায় শত শত ব্রিটিশ। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৮ আগষ্টঃ বিরল সূর্যগ্রহণ দেখতে গিয়ে চোখের সমস্যায় পড়েছেন যুক্তরাজ্যের শত শত মানুষ। গত ১২ আগস্ট ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় হাজারো মানুষ আকাশের দিকে তাকিয়ে গ্রহণ উপভোগ করেন। তবে অনেকে বিশেষ সুরক্ষা চশমা ছাড়াই সরাসরি সূর্যের দিকে তাকানোয় এখন চোখে তীব্র ব্যথা ও দৃষ্টিজনিত সমস্যার অভিযোগ করছেন।
ব্রিটিশ নাগরিকদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের কেউ কেউ চোখে তীব্র ব্যথা, ঝাপসা দেখা এবং দৃষ্টির সামনে কালো দাগ দেখার কথা বলেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, আমি অন্ধ হয়ে যাচ্ছি।’
চিকিৎসকদের মতে, সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের সমস্যাকে বলা হয় ‘সোলার রেটিনোপ্যাথি’। সূর্যের তীব্র আলো ও ক্ষতিকর অতিবেগুনি এবং অন্যান্য বিকিরণ রেটিনার সংবেদনশীল কোষের ক্ষতি করতে পারে।
সূর্যগ্রহণের সময় সূর্যের আলো কিছুটা কম মনে হওয়ায় অনেকেই ভুল করে মনে করেন, তখন সরাসরি সূর্যের দিকে তাকানো নিরাপদ। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এই ধারণা ঠিক নয়। গ্রহণের সময়ও সূর্যের দিকে সরাসরি তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
সরাসরি সূর্যের দিকে তাকানোর পর চোখে তীব্র জ্বালা ও ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখের সামনে কালো দাগ বা অন্ধকার দেখা এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এসব সমস্যা তাৎক্ষণিকভাবে বোঝা যায় না; কয়েক ঘণ্টা পর লক্ষণ প্রকাশ পেতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সূর্যগ্রহণ দেখার সময় অনুমোদিত সোলার ফিল্টার বা বিশেষ গ্রহণ চশমা ব্যবহারের পরামর্শ দেন। সাধারণ রোদচশমা বা সানগ্লাস সূর্যগ্রহণ দেখার জন্য যথেষ্ট নিরাপদ নয়।
যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষও খালি চোখে সূর্যগ্রহণ দেখার পর চোখে কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে তীব্র ব্যথা, ঝাপসা দৃষ্টি বা দৃষ্টির পরিবর্তন দেখা দিলে চক্ষুবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।