বাংলাদেশ

র‍্যাবের নামবদল

বিতর্কিত র‍্যাবের নাম বদলে ‘এসআরবি’, মন্ত্রিসভায় অনুমোদন

নতুন নাম এসআরবি

  • 11:35 pm - August 18, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
বিতর্কিত র‍্যাবের নাম বদলে ‘এসআরবি’, মন্ত্রিসভায় অনুমোদন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: শেখ হাসিনা সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগে বিতর্কিত বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নাম বদলে ‘স্পেশ্যাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) করার প্রস্তাব অনুমোদন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসআরবি আইনের খসড়া অনুমোদন করা হয়।

র‍্যাবের বিলুপ্তি ও নতুন নামকরণ নিয়ে এর আগে অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের আগে র‍্যাব বিলুপ্তির ঘোষণা দিয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির সুপারিশ অনুযায়ী র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) করার পরিকল্পনা রয়েছে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সেই প্রস্তাব গ্রহণ না করে এসআরবি নাম অনুমোদন করেছে। ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় র‍্যাব প্রতিষ্ঠিত হয়। সন্ত্রাস দমন, মাদক চোরাচালান প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে অভিযান পরিচালনার জন্য বাহিনীটি গঠন করা হয়েছিল।

তবে শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনামলে র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের দমন, বেআইনি আটক, মিথ্যা মামলায় ফাঁসানো এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। আওয়ামী লীগের বিরোধীদের কেউ কেউ বাহিনীটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলের রক্ষীবাহিনীর সঙ্গে তুলনাও করতেন।

র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আন্তর্জাতিক পর্যায়েও বাহিনীটির কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সেনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি র‍্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। ওই সময় কমিটির এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০১৫ সাল থেকে বাংলাদেশে ৪০০ জনের বেশি মানুষের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে র‍্যাব প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানা বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পরিবর্তন করে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) করা হয়েছিল। এবার র‍্যাবের নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীটির কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের পথ খুলতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au