বাংলাদেশ

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

  • 2:13 pm - August 20, 2026
  • পঠিত হয়েছে:৯৯৩ বার
বাঁ দিক থেকে ঘড়ির কাঁটার দিকে: সাংবাদিক ফারজানা রূপা, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। ছবি/স্ক্রিনশট:সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ)। একই সঙ্গে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং সংবাদ পরিবেশনকে অপরাধ হিসেবে গণ্য না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

১৮ আগস্ট নয়াদিল্লি থেকে দেওয়া এক বিবৃতিতে CPJ এ আহ্বান জানায়।

CPJ-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) সোমবার কারা কর্তৃপক্ষকে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আগামী ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। ২০২৪ সাল থেকে পৃথক মামলায় তারা কারাগারে রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমনে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই তিন সাংবাদিকের বিরুদ্ধে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে সাংবাদিকরা উসকানিমূলক প্রশ্ন করেছিলেন। ওই প্রশ্নের জবাবে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং পরবর্তী সময়ে তাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয় বলে মামলার নথিতে দাবি করা হয়েছে।

CPJ-এর এশিয়া-প্যাসিফিক কর্মসূচির সমন্বয়ক কুনাল মজুমদার বলেন, শুধু একটি সংবাদ সম্মেলনে প্রশ্ন করার কারণে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা ‘অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়’।

তিনি বলেন, সম্পাদকীয় সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট বা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়। সাংবাদিকতার সম্পাদকীয় সিদ্ধান্তকে অপরাধ হিসেবে বিবেচনা করা বিপজ্জনক নজির তৈরি করবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে।

কুনাল মজুমদার আরও বলেন, তিন সাংবাদিককে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে হবে।

মোজাম্মেল বাবু ও রূপার বিরুদ্ধে আরেক মামলা

মোজাম্মেল বাবু বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।

চলতি বছরের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম কর্মীদের ওপর ২০১৩ সালের নিরাপত্তা অভিযানের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা পৃথক একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় গত ২৭ জুলাই শেখ হাসিনা ও আরও ৩৯ জনের সঙ্গে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার নামও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, বেসরকারি দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। সাংবাদিকতার কারণে প্রতিশোধমূলকভাবে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা করা হয়েছে বলে দাবি করেছে CPJ।

দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের আশঙ্কা

CPJ-এর বিবৃতিতে বলা হয়েছে, এই মামলায় সাংবাদিকরা দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ডও হতে পারে।

১৯৭৩ সালের একটি আইনের অধীনে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচার করাই ছিল এর মূল উদ্দেশ্য। তবে নির্দিষ্ট অপরাধের জন্য কী ধরনের সাজা হবে, সে বিষয়ে আইনে বিস্তারিত সাজা নির্দেশিকা না থাকায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেছে CPJ।

ট্রাইব্যুনাল নিয়ে রাজনৈতিক বিতর্ক

আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। পরবর্তী সময়ে আইনেও সংশোধন আনা হয়। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিচার পরিচালনার সুযোগ তৈরি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে নতুন মামলার বিষয়ে বাংলাদেশের আইন মন্ত্রণালয় ও প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে ই-মেইলে মন্তব্য চেয়েছিল CPJ। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

সূত্র-কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ)

এই শাখার আরও খবর

আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, আইএমএফের সঙ্গে আগের ঋণ কর্মসূচি বাতিল…

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়িতে লেখালেখির সময়…

তিন নারীকে লাঞ্ছনার পর ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যুবদল কর্মী ও সহযোগীরা

নাটোরের গুরুদাসপুরে তিন নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার পর একটি ঘরে আটকে রেখে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মী ও তার…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

গোপালগঞ্জে পথসভা করতে জামায়াতের কেন এত ভয়?

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাবে। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় কোনো পথসভা করবে না জোটটি। গোপালগঞ্জ…

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au