অস্ট্রেলিয়া

বালিতে হামলায় অস্ট্রেলিয় নাগরিকের মৃত্যু

  • 1:02 am - August 22, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
পল ডুগান হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান। ছবি: সরবরাহকৃত

মেলবোর্ন, ২২ আগষ্ট: ইন্দোনেশিয়ার বালিতে কথিত হামলায় অস্ট্রেলিয়ার পার্থের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। নিহত পল ডুগান গত ৫ আগস্ট কুতার ওয়ান ট্রাইব বারে কথিত হামলার শিকার হওয়ার পর প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশের কাছে দেওয়া এক সাক্ষ্য বিবৃতিতে ডুগানের ছেলে লিয়াম জানিয়েছেন, একজন পুরুষকে এক নারীকে মারধর করতে দেখে তার বাবা সেখানে হস্তক্ষেপ করেছিলেন। এরপর একদল পুরুষ তার বাবার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

পরিবারের বন্ধু ডেভিড কফট্রি বলেন, ‘সে কখনোই ঝামেলা খুঁজে বেড়ানোর মতো মানুষ ছিল না। তাকে একজন ব্যক্তি ঘিরে ধরে জিজ্ঞাসা করেন, “তুমি কী বললে?” তিনি উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই তাকে আঘাত করেন।’

ডেনপাসার সিটি পুলিশ শুক্রবার জানিয়েছে, কথিত হামলার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তাদের সম্ভাব্য ভূমিকা, ঘটনার সময় তাদের অবস্থান এবং হামলার আগে ও পরে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে।

৫ আগস্ট কুতার ওয়ান ট্রাইব বারে (ছবিতে) কথিত হামলার শিকার হওয়ার পর পল ডুগান পাঁজর ভাঙা ও শরীরের ভেতরে রক্তক্ষরণ নিয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছবি: 9News

পুলিশের ভাষ্য অনুযায়ী, কথিত হামলার পর ডুগান নিজের হোটেলে ফিরে যান। পরে ৮ আগস্ট তাকে মুর্নি তেগুহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর শুক্রবার ময়নাতদন্ত করার কথা ছিল।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন চার অস্ট্রেলীয় হামলার পরদিনই ইন্দোনেশিয়া ছেড়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার অ্যাভালনে একসঙ্গে যান।

ডুগানের ছেলে লিয়াম এর আগে জানিয়েছিলেন, হামলার পর তার বাবার কয়েকটি পাঁজর ভেঙে যায় এবং শরীরের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়। জীবন বাঁচাতে চিকিৎসকেরা তার তিনবার বড় ধরনের অস্ত্রোপচার করেন। এর মধ্যে একটি অস্ত্রোপচারে তার প্লীহা (spleen) অপসারণ করা হয়।

এ ছাড়া তাকে চারবার রক্ত দেওয়া হয়। ফুসফুস ও পেট থেকে জমে থাকা তরল ও রক্ত বের করার জন্য বিভিন্ন স্থানে ড্রেনও বসানো হয়েছিল।

বাবার মৃত্যুর দিন বৃহস্পতিবার কুটা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন লিয়াম।

ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লিয়াম। ছবি: @liammdougan

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পল ডুগানের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি। একইভাবে এ ঘটনায় কারও বিরুদ্ধে অপরাধমূলক দায়ও এখনো নির্ধারণ করা হয়নি।

ডেনপসার সিটি পুলিশের প্রধান সিনিয়র কমিশনার লিওনার্দো ডেভিড সিমাতুপাং বলেন, ঘটনার প্রকৃত চিত্র বের করতে তদন্ত চলছে।

তিনি বলেন, ‘প্রত্যেক ব্যক্তির ভূমিকা, ঘটনার ধারাবাহিকতা এবং ভুক্তভোগীর মৃত্যুর কারণসহ পুরো বিষয়টি আমরা স্পষ্টভাবে বের করার চেষ্টা করছি। আইন ও বিধি অনুযায়ী পেশাদারভাবে আইনি প্রক্রিয়া পরিচালনা করা হবে।’

তদন্তের অংশ হিসেবে ডুগানের পরিবারের সদস্য, বারের কর্মী এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছেন তদন্তকারীরা।

গতকাল এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে বাবার মৃত্যুর খবর জানান লিয়াম। সেখানে তিনি লেখেন, তিনি ‘বিধ্বস্ত, দিশেহারা ও হৃদয়ভাঙা’। ছবি: 9News

বাবার মৃত্যুর পর ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্টে লিয়াম লিখেছেন, তিনি ‘বিধ্বস্ত, দিশেহারা ও হৃদয়ভাঙা’।

বাবাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘বাবা, এমনটা হওয়ার কথা ছিল না। আমি সারাজীবন তোমাকে ভালোবাসব ও মনে রাখব এবং তোমাকে গর্বিত করার চেষ্টা করে যাব।’

বাবার চিকিৎসার সময় লিয়াম জানিয়েছিলেন, চিকিৎসা ব্যয় ৭১ হাজার অস্ট্রেলীয় ডলারের বেশি হয়ে গেছে। এই ব্যয় সামাল দিতে পরিবার অনলাইনে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়।সেই তহবিলে এখন পর্যন্ত ৩৩ হাজার অস্ট্রেলীয় ডলারের বেশি অর্থ জমা পড়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক দপ্তর (DFAT) জানিয়েছে, তারা এর আগে পরিবারটিকে কনস্যুলার সহায়তা দিচ্ছিল না।

পল ডুগান ব্রিটিশ নাগরিক হলেও অন্তত দুই দশক ধরে পার্থে বসবাস করছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র-নাই.কম.এইউ

এই শাখার আরও খবর

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করেছেন, রাষ্ট্রপতির বক্তব্য ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক…

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব

দেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতা বা…

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

৯ মাসে মব সহিংসতায় নিহত ১৮৭, ধর্ষণের শিকার ৬৫৭ নারী ও শিশু

চলতি বছরের প্রথম নয় মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সারা দেশে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার…

অষ্টমী পূজার দিনে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা

দুর্গাপূজার অষ্টমীর দিনে রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯…

নেতানিয়াহুর পাশে ট্রাম্প, ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নেতানিয়াহুকে পুনর্নির্বাচিত করার বিষয়ে সরাসরি সমর্থন জানাতে অনীহা প্রকাশ করলেও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au