বাংলাদেশ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • 1:04 am - August 22, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের আগে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে মির্জা ফখরুলের গাড়িবহর বঙ্গভবনে পৌঁছায়। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যেই মির্জা ফখরুল শপথ নিলেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট। একই দিন নির্বাচন কমিশন তাঁকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে বিএনপির মহাসচিব এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর তিনি দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান। তাঁর রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য যুক্ত হয়েছেন। চার জন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে।

রাষ্ট্রপতির শপথের পরই মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন সদস্যরাও শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মন্ত্রী হিসেবে শপথ নেন আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু এবং আন্দালিভ রহমান পার্থ। মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, হুমায়ন কবির এবং শামিম কায়সার।

বাংলাদেশের মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য যুক্ত হয়েছেন। চার জন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। ছবিঃ সংগৃহীত

মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনেরও আলোচনা ছিল। এর মধ্যে স্থানীয় সরকার, তথ্য ও সম্প্রচার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনার কথা বিভিন্ন সূত্রে উঠে আসে।

সরকার গঠনের প্রায় ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় এই পরিবর্তন এলো। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছিল।

এই শাখার আরও খবর

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

বালিতে হামলায় অস্ট্রেলিয় নাগরিকের মৃত্যু

মেলবোর্ন, ২২ আগষ্ট: ইন্দোনেশিয়ার বালিতে কথিত হামলায় অস্ট্রেলিয়ার পার্থের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। নিহত পল ডুগান গত…

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং কেন? সমাধানের পথ কী

মেলবোর্ন, ২১ আগষ্ট: সাভারে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক রোজিনা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এভাবেই তার প্রতিক্রিয়া জানান বিবিসি বাংলা কাছে। রোজিনার মতো আরো বেশ কয়েকজন ভোক্তার অভিযোগ,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au