বিজ্ঞান ও প্রযুক্তি

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

  • 5:19 pm - August 22, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
মামলা দায়েরের সময় মার্কিন সরকারের আইনজীবীরা জানিয়েছিলেন, টিকটক-এ ১৭ কোটিরও বেশি কিশোর ব্যবহারকারী ছিল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ আগষ্ট- শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে মোট ৪০ কোটি ডলার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। শিশুদের গোপনীয়তা সুরক্ষার আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে এটি অন্যতম বড় আর্থিক সমঝোতা হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় দেশটির বিচার বিভাগ টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, ১৩ বছরের কম বয়সি লাখ লাখ শিশুর কাছ থেকে টিকটক যথাযথ অভিভাবকীয় সম্মতি ছাড়াই বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ১৩ বছরের কম বয়সি শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের আগে তাদের অভিভাবকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। চিলড্রেনস প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট নামে পরিচিত এই আইনটি ২০০০ সালে প্রণয়ন করা হয়।

মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, মামলা শুরুর সময়ের তুলনায় বর্তমানে শিশু ও তাদের অভিভাবকদের সুরক্ষা আরও জোরদার হয়েছে।

সমঝোতার শর্ত অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স প্রথম ধাপে মার্কিন বিচার বিভাগকে ৩০ কোটি ডলার পরিশোধ করবে। এরপর ২০১৯ সালে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের সঙ্গে করা একটি আইনি সমঝোতা বাতিলের পর আরও ১০ কোটি ডলার দিতে হবে।

২০১৯ সালের ওই সমঝোতায় বাইটড্যান্সের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালি-কে শিশুদের গোপনীয়তা সুরক্ষার আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সি কোনো শিশু টিকটক ব্যবহার করতে চাইলে তার বাবা-মায়ের সম্মতি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মামলাটি দায়ের হওয়ার পর টিকটকের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে কোম্পানির মালিকানা কাঠামো, ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষার নীতি এবং তরুণ ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণব্যবস্থায় পরিবর্তন।

মামলা দায়েরের সময় মার্কিন সরকারের আইনজীবীরা জানিয়েছিলেন, টিকটকে ১৭ কোটিরও বেশি কিশোর ব্যবহারকারী ছিল। তাদের অভিযোগ ছিল, প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের বয়স কার্যকরভাবে যাচাই করা হতো না। ফলে ১৩ বছরের কম বয়সি শিশুরাও সহজেই অ্যাকাউন্ট খুলতে পারত এবং তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিভাবকীয় সম্মতিও নেওয়া হতো না।

শিশুদের তথ্য সুরক্ষা নিয়ে টিকটকের বিরুদ্ধে এটিই প্রথম বড় ধরনের আইনি ব্যবস্থা নয়। একই আইনের আওতায় এর আগে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানকেও বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে। ২০১৯ সালে ইউটিউবকে ১৭ কোটি ডলার এবং ২০২২ সালে এপিক গেমসকে ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিতে হয়েছিল।

এদিকে একই আইনের আওতায় মেটার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্য মামলা করেছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, মেটা শিশুদের লক্ষ্য করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে।

টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা নিয়েও কয়েক বছর ধরে ওয়াশিংটনের সঙ্গে বাইটড্যান্সের টানাপোড়েন চলছে। ২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন টিকটককে নিষিদ্ধ করা অথবা যুক্তরাষ্ট্রে এর ব্যবসা বাইটড্যান্সের চীনা কার্যক্রম থেকে আলাদা করার উদ্যোগ নেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বাইটড্যান্স থেকে আলাদা করার পক্ষে অবস্থান নেন।

গত বছর টিকটকের মার্কিন ব্যবসার মালিকানা কাঠামোতে পরিবর্তন আনা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসার ৮১ শতাংশ মালিকানা একটি বিনিয়োগকারী জোটের হাতে এবং বাইটড্যান্সের হাতে রয়েছে ১৯ শতাংশ মালিকানা।

তবে নতুন এই ৪০ কোটি ডলারের সমঝোতা মূলত শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষাসংক্রান্ত অভিযোগের মামলা নিষ্পত্তির সঙ্গে সম্পর্কিত। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, জরিমানার বাইরে টিকটকের বিরুদ্ধে নতুন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে বাইটড্যান্সের সর্বশেষ বিনিয়োগ মূল্যায়ন অনুযায়ী, প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৫৫০ বিলিয়ন ডলার। তবে শিশুদের তথ্য সুরক্ষা নিয়ে এই বড় অঙ্কের আর্থিক সমঝোতা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি আরও কঠোর হওয়ার বিষয়টি সামনে এনেছে।

এই শাখার আরও খবর

সিঁড়িতে মা-মেয়ের ক্ষতবিক্ষত লাশ, চার মৃতদেহের বর্ণনা দিতেও ভয় পাচ্ছেন স্বজনরা

মেলবোর্ন, ২৩ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক হিন্দু শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের…

হিন্দু শিক্ষকের বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার, সবার শরীরে আঘাতের চিহ্ন

মেলবোর্ন, ২৩ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে…

নির্যাতন বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণনয়নের দাবি বিএসপির

মেলবোর্ন, ২৩ আগষ্ট- বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং…

শেখ হাসিনা ইস্যুতে কী করবে ভারত? সামনে তিন পথ

মেলবোর্ন, ২৩ আগষ্ট- শেখ হাসিনাকে নিয়ে ভারত এখন কী করবে, সেই সিদ্ধান্ত শুধু বন্ধুত্ব, আবেগ, কৌশলগত সুবিধা কিংবা ঢাকার বর্তমান সরকারের সঙ্গে বিরক্তির ভিত্তিতে নেওয়া…

রামু সেনানিবাস আধুনিকায়নে ১,৩১১ কোটি টাকা, বাড়ছে সামরিক সক্ষমতা

মেলবোর্ন, ২৩ আগষ্ট- বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং সামরিক সক্ষমতা বাড়াতে কক্সবাজারের রামু সেনানিবাসের অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ টাকার…

কলকাতার সেই হোটেলের মালিক গ্রেপ্তার

মেলবোর্ন, ২৩ আগষ্ট- কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার পশ্চিমবঙ্গের বেহালার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au