বিচারপতি মো. হাবিবুল গনি। ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াবে।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধান বিচারপতি আগামী রোববার সকাল সাড়ে ৯টায় নতুন নিয়োগ পাওয়া বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান হবে।
বিচারপতি মো. হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর, ২০১২ সালের ১৫ এপ্রিল তাঁকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
দীর্ঘ আইনজীবী ও বিচারিক কর্মজীবনের পর এবার তিনি দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।