ঢাকার মিরপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী সুমন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই ইলা মনি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহ আলী রয়েল সিটি পকেট গেটসংলগ্ন একটি বাসা থেকে ৩২ বছর বয়সী সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।
পরে শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা জানান, শিশুটির মা ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের কথা বলে। শিশুটির অভিযোগ, সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।
ঘটনার পর বৃহস্পতিবার শিশুটির মা শাহ আলী থানায় মামলা করেন। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়।
মামলাটি তদন্ত করছে শাহ আলী থানা-পুলিশ।