বাসিজে যোগ দেন তরুণরা -পুরোনো ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারি বাহিনী বাসিজের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের লাভিন দ্বীপে মার্কিন বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হন।
বুধবার (২ সেপ্টেম্বর) ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাসিজ বাহিনী ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অধীনে পরিচালিত একটি প্যারামিলিটারি সংগঠন। এতে সাধারণ নাগরিকদেরও যোগ দেওয়ার সুযোগ রয়েছে। বাহিনীটিকে ইরানের একটি আদর্শিক সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। তরুণ, মধ্যবিত্ত ও শ্রমজীবী পুরুষদের একটি বড় অংশ এতে যুক্ত।
ধারণা করা হয়, ইরানে বাসিজের প্রায় ৪ লাখ ৫০ হাজার সদস্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সরকারবিরোধী বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভ দমনে বাসিজ সদস্যদের সামনের সারিতে মোতায়েন করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মার্কিন সেনাদের বিতাড়নের আহ্বান বিপ্লবী গার্ডের
এদিকে আরব দেশগুলো থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সেনাদের সরিয়ে না নিলে সংশ্লিষ্ট দেশগুলো হামলার ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন বাহিনীটির রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।
তিনি বলেন, ‘ভালো হবে, আপনারা নিজেদের দেশ থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করুন এবং নিজেদের ঘাঁটি নিজেদের কাছে নিন।’
জাভানি আরও বলেন, ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে প্রমাণ করেছে, যে কোনো স্থান থেকে ইরানের ওপর হামলা হলে সেখানেই কঠোর জবাব দেওয়া হবে।
এ সময় তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও তেহরানের হুঁশিয়ারি আরও জোরালো হচ্ছে।
সূত্র: মেহের নিউজ