রূপম ইসলাম ও জেমস। ছবি: ফেসবুক থেকে
অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগরবাউল জেমস ও ওপার বাংলার ব্যান্ড ‘ফসিলস’-এর ভোকাল রূপম ইসলাম। দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পীর যৌথ পরিবেশনায় সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ রক কনসার্ট।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে জেমসের সঙ্গে মঞ্চে গান পরিবেশন করবেন রূপম ইসলাম। ফলে দুই বাংলার রক সংগীতপ্রেমীদের মধ্যে কনসার্টটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
কনসার্ট উপলক্ষে আয়োজকদের প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, তারা ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছেন। ভিডিওতে ভক্তদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’
অন্যদিকে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জেমসের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন রূপম ইসলাম। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি, আসছো তো সবাই?’
বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। গত জুলাইয়ের শেষ সপ্তাহে ইউরোপ সফরের মধ্য দিয়ে শুরু হয় তার সাম্প্রতিক সংগীতভ্রমণ। ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে এই সফর শুরু করেন তিনি। এরপর পর্তুগাল, সাইপ্রাস, রোম ও ভেনিসেও গান পরিবেশন করেন বাংলাদেশের এই জনপ্রিয় রক তারকা।
জেমস ও রূপম ইসলামের ভক্তদের জন্য অবশ্য এই মঞ্চ ভাগাভাগির ঘটনা নতুন নয়। এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টেও একই মঞ্চে পারফর্ম করেছিলেন দুই বাংলার এই দুই রক তারকা।
দীর্ঘদিন ধরে নিজেদের স্বতন্ত্র সংগীতধারা ও পরিবেশনার মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের কাছে জনপ্রিয় জেমস ও রূপম ইসলাম। এবার সিডনির মঞ্চে তাদের একসঙ্গে দেখা ও গান শোনার সুযোগ পেতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় থাকা বাংলা ভাষাভাষী সংগীতপ্রেমীরা।