সাংবাদিক পুলক চ্যাটার্জি।
দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)। একই সঙ্গে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়েছে সংগঠন দুটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলক চ্যাটার্জির মৃত্যুর আগে তাঁর তীব্র আর্থিক সংকট, সার্ভিস বেনিফিট নিয়ে বিরোধ এবং তাঁর রেখে যাওয়া চিরকুটের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। এসব বিষয় তাঁর মৃত্যুর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, তদন্তে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অবহেলা বা বেআইনি আচরণের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। দীর্ঘ কর্মজীবন শেষে একজন সাংবাদিকের ন্যায্য সার্ভিস বেনিফিট পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের টালবাহানা বা হয়রানি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতারা।
বিবৃতিতে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক রুবেল খানের পাওনা পরিশোধের বিষয়টিও তুলে ধরা হয়। সাংবাদিক নেতৃবৃন্দের অভিযোগ, রুবেল খানের আইনসঙ্গত সার্ভিস বেনিফিট পরিশোধেও দীর্ঘসূত্রতা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ভুল চিকিৎসায় একমাত্র কন্যাসন্তান রাইফাকে হারানোর পর রুবেল খান চরম মানসিক ও পারিবারিক বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন। সে সময় তাঁকে অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয় বলেও অভিযোগ করেন সাংবাদিক নেতারা। তাদের দাবি, চাকরি থেকে বাদ দেওয়ার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রুবেল খানের পাওনা পরিশোধ করা হয়নি।
সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে রুবেল খানের আইনসঙ্গত বকেয়া ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের কর্মজীবনের অধিকার এবং চাকরিসংক্রান্ত সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা ও পেশাগত অধিকার সুরক্ষায় বেতন-ভাতা, চাকরিচ্যুতি এবং সার্ভিস বেনিফিটের ক্ষেত্রে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা ও পেশাগত অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলোর নেতারা।