অস্ট্রেলিয়া

আইএসের প্রচারণা ছড়ানোর অভিযোগে মেলবোর্নে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

  • 6:13 pm - September 23, 2026
  • পঠিত হয়েছে:৬৭ বার
আইএসের প্রচারণা ছড়ানোর অভিযোগে মেলবোর্নে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

OTN Bangla Desk: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের অনলাইন প্রচারণা এবং সহিংস উগ্রবাদী উপাদান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিযোগে মেলবোর্নের ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে অস্ট্রেলিয়ার সন্ত্রাসবিরোধী পুলিশ।

বুধবার, ২৩ সেপ্টেম্বর মেলবোর্নের কার্লটনের একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ট্রেলীয় নাগরিক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি পরোয়ানা কার্যকরের সময় বাড়িটি থেকে একটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ, ভিক্টোরিয়া পুলিশ এবং অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের সমন্বয়ে গঠিত ভিক্টোরিয়া জয়েন্ট কাউন্টার টেরোরিজম টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং অস্ট্রেলিয়ায় বসে আইএসের অনলাইন প্রচারক হিসেবে কাজ করতেন। ২০১৫ সালের নভেম্বর থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত তিনি প্রায় ১০ হাজার সহিংস উগ্রবাদী ও আইএস-সংশ্লিষ্ট ফাইল পাঠিয়েছেন বলে তদন্তকারীরা দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, ছড়িয়ে দেওয়া উপাদানের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর ও নির্যাতনের দৃশ্যসংবলিত ভিডিও, ছবি, অডিও রেকর্ডিং, নথি ও বার্তা ছিল। যুদ্ধক্ষেত্র থেকে ধারণ করা হয়েছে বলে দাবি করা আইএসের বিভিন্ন প্রচারণামূলক উপাদানও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়ানোর কৌশল এবং ব্যাপক প্রাণহানির উদ্দেশ্যে হামলার পরিকল্পনা ও পরিচালনাসংক্রান্ত নির্দেশিকাও ওই ব্যক্তি ছড়িয়ে দিয়েছিলেন বলে আদালতে অভিযোগ করা হবে।

তদন্তকারীদের দাবি, সহিংস ও উগ্রবাদী উপাদান ছড়িয়ে দেওয়ার পরিমাণ বিবেচনায় এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্মে সক্রিয় সংশ্লিষ্ট গ্রুপগুলোর মধ্যে তিনি আইএসের অন্যতম প্রধান প্রচারণা বিতরণকারী হিসেবে ভূমিকা পালন করেছিলেন।

২০২০ সালের ২১ নভেম্বর মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে মিশরগামী ওই ব্যক্তিকে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কর্মকর্তারা আটকানোর পর তদন্তের সূত্রপাত হয়।

তার লাগেজ ও মোবাইল ফোন পরীক্ষার সময় সন্দেহজনক কিছু উপাদান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরে ফোনটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চলমান তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালে আরও একটি তল্লাশি অভিযান চালিয়ে অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছিল। এসব ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণে ওই ব্যক্তি আইএস-সংশ্লিষ্ট উগ্রবাদী উপাদান দেখেছেন ও ছড়িয়ে দিয়েছেন এবং সংগঠনটির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন বলে প্রমাণ পাওয়ার দাবি করেছেন তদন্তকারীরা।

তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার একটি অভিযোগ, সহিংস উগ্রবাদী উপাদান পাঠাতে টেলিযোগাযোগ সেবা ব্যবহারের তিনটি অভিযোগ এবং টেলিযোগাযোগ সেবার মাধ্যমে পাওয়া সহিংস উগ্রবাদী উপাদান রাখা বা নিয়ন্ত্রণের একটি অভিযোগ আনা হয়েছে।

এসব অপরাধে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বুধবার তাকে মেলবোর্ন ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করার কথা ছিল। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার পলা হাডসন বলেন, উগ্রবাদী সংগঠনগুলো প্রচারণা ছড়ানো, সমর্থক সংগ্রহ এবং সহিংসতায় উৎসাহিত করার জন্য অনলাইন প্ল্যাটফর্মের ওপর ব্যাপকভাবে নির্ভর করে।

পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তির ছড়িয়ে দেওয়া উপাদানগুলো চরম সহিংসতাকে মহিমান্বিত করেছে, আইএসের মতাদর্শ প্রচার করেছে এবং অন্যদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

ভিক্টোরিয়া পুলিশের সহকারী কমিশনার মার্টিন ও’ব্রায়েন বলেন, অনলাইনে সংঘটিত উগ্রবাদী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে। সহিংস উগ্রবাদী উপাদান দেখা, নিজের কাছে রাখা কিংবা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া ফৌজদারি অপরাধ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তবে অভিযোগের গুরুতর প্রকৃতি সত্ত্বেও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে নির্দিষ্ট কোনো সন্ত্রাসী হামলার যোগসূত্র পাওয়া যায়নি এবং বর্তমানে অস্ট্রেলিয়ার জনগণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি শনাক্ত করা হয়নি।

অনলাইন নেটওয়ার্কটির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত ও তাদের কর্মকাণ্ড প্রতিহত করতে আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আরও গ্রেপ্তারের সম্ভাবনাও নাকচ করেনি পুলিশ।

অনলাইনে সন্দেহজনক উগ্রবাদী কর্মকাণ্ড চোখে পড়লে ন্যাশনাল সিকিউরিটি হটলাইন—১৮০০ ১২৩ ৪০০ অথবা ক্রাইম স্টপার্স—১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যে ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতমুখী এমভি কেপ দাও নামের জাহাজটিতে…

ভাইরাল রিলের আলোচিত বিউটি রানী এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের রিল ভিডিও প্রকাশের পর সাইবার বুলিংয়ের শিকার হয়ে আলোচনায় আসা সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ…

ভারতীয় নাগরিক রবিউল রিমান্ডে, বললেন ‘অযথা হেনস্তা হচ্ছি’

ঢাকার উত্তরা থেকে সন্দেহজনক গতিবিধির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক নাশকতামূলক…

ভারতে ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ ও গ্রেপ্তার দাবি বিরোধীদের

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরে দুই নির্বাচন কমিশনারের একাধিকবার আপত্তি জানানোর তথ্য প্রকাশ্যে আসার পর দেশটির নির্বাচনী ব্যবস্থাকে ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।…

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও পারমাণবিক বিজ্ঞানের অধিকার থেকে সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া…

স্বাস্থ্য গবেষণার নমুনা ও তথ্যে নিয়ন্ত্রণ জোরদার করছে বাংলাদেশ

স্বাস্থ্য গবেষণায় ব্যবহৃত জৈবিক নমুনা, গবেষণা থেকে উৎপন্ন তথ্য এবং সেই গবেষণার মাধ্যমে সৃষ্ট মেধাস্বত্বের ওপর বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au