অর্থের অভাবে থমকে গেছে শ্রাবণীর ক্যান্সারের চিকিৎসা। ছবিঃ সংগৃহীত
মিরসরাইয়ের শ্রাবণী ভৌমিক দেড় বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। অসহনীয় শারীরিক যন্ত্রণা, একের পর এক কেমোথেরাপি আর দীর্ঘ চিকিৎসার ধকল সামলেও বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরে পরিবারের সঙ্গে আরও অনেকটা পথ পাড়ি দিতে চান। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটির সঞ্চয় ও সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে। অর্থের অভাবে এখন অনিশ্চিত হয়ে পড়েছে শ্রাবণীর চিকিৎসা।
শ্রাবণীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের দত্ত বাড়িতে। প্রায় দেড় বছর আগে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চলছে চিকিৎসা। পরিবারের সদস্য ও স্বজনদের সহযোগিতায় এরই মধ্যে তাঁকে প্রায় ১৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে নিয়মিত ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও যাতায়াতের খরচ।
দীর্ঘদিন ধরে চিকিৎসার পেছনে ব্যয় করতে গিয়ে পরিবারের আর্থিক সামর্থ্য প্রায় শেষ হয়ে এসেছে। একদিকে প্রিয় মানুষটিকে সুস্থ করে তোলার চেষ্টা, অন্যদিকে চিকিৎসার বিপুল খরচ, সব মিলিয়ে কঠিন সময় পার করছে পরিবারটি।
স্বজনরা জানান, শ্রাবণীর বাবা মারা গেছেন প্রায় ১১ বছর আগে। তিন বোনের এই পরিবারে কোনো ভাই নেই। উপার্জন করার মতো সদস্যও খুব বেশি নেই। ফলে নিজেদের সীমিত সামর্থ্য এবং আত্মীয়স্বজনের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে এলেও এখন সেই সহযোগিতাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়ে পড়েছে।
তারপরও হাল ছাড়তে রাজি নন শ্রাবণী। দীর্ঘ চিকিৎসার কষ্টের মধ্যেও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। পরিবারের মানুষগুলোর সঙ্গে আরও অনেকটা সময় কাটাতে চান। বেঁচে থাকার এই আকাঙ্ক্ষাই তাঁকে বারবার চিকিৎসার কষ্ট সহ্য করার শক্তি দিচ্ছে।
তবে চিকিৎসা চালিয়ে যেতে এখন প্রয়োজন অর্থের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রাবণীর চিকিৎসা অব্যাহত রাখতে আরও সহযোগিতা প্রয়োজন। এ অবস্থায় সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তাঁর স্বজনরা।
তাঁদের ভাষ্য, একজন মানুষের চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হলেও সবার সামর্থ্য এক নয়। তবে সামর্থ্য অনুযায়ী ছোট একটি সহযোগিতাও শ্রাবণীর চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শ্রাবণীর স্বজনরা আশা করছেন, মানুষের সহযোগিতা ও সহমর্মিতায় আবারও তাঁর চিকিৎসা নিয়মিত করা সম্ভব হবে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফেরার যে স্বপ্ন তিনি দেখছেন, সেই পথচলায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।
শ্রাবণীকে সহযোগিতা করতে:
নাম: শ্রাবণী ভৌমিক
বিকাশ: ০১৮৫৩-৯৩৬৩২৪