নিহত নজরুল ইসলাম খান। ফাইল ছবি
রাজবাড়ীর কালুখালীতে মেয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের ভাষ্য, কয়েক দিন আগে ‘Ru Na’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিবেশীদের নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই পোস্টের নিচে একই আইডি থেকে করা একটি মন্তব্য নিয়েও আপত্তি ওঠে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে ফেসবুক পোস্ট ও মন্তব্যের বিষয়টি নিয়ে নজরুল ইসলাম খান ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পরিবারের দাবি, এ সময় নজরুল ইসলাম খানকে মারধর করা হয়। তার মাথায় আঘাত লাগার পর তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মেয়ে রুনা বলেন, তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে তারা হামলা চালিয়ে তার বাবাকে মারধর করেন। মাথায় আঘাত পাওয়ার পর তার বাবার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি লাঠিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের মেয়ে রুনা দুই দিন আগে প্রতিবেশী প্রীতিকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে নজরুল ইসলাম খান মারা যান।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।