বিশ্ব

এফবিআই কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের শঙ্কা, বাড়ছে আতঙ্ক

  • 8:28 pm - September 26, 2026
  • পঠিত হয়েছে:৫১ বার
এফবিআই কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কায় আতঙ্ক। ছবি: সংগৃহীত

হ্যাকিংয়ের ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) কর্মকর্তাদের ব্যক্তিগত ও গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে সংস্থাটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্যে। তাদের আশঙ্কা, চুরি হওয়া তথ্য অনলাইনে প্রকাশিত হলে শুধু কর্মকর্তারাই নন, তাঁদের পরিবারের সদস্যরাও নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন।

এফবিআইয়ের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা বিবিসি নিউজকে জানিয়েছেন, হ্যাকারদের হাতে যদি কর্মকর্তাদের নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, পরিচয়পত্রের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত নথি চলে যায়, তাহলে এসব তথ্য ব্যবহার করে প্রতারণা, হয়রানি, ভয়ভীতি দেখানো এমনকি শারীরিক হামলার চেষ্টা হতে পারে।

এফবিআইয়ের এক সাবেক সাইবার তদন্তকারী কর্মকর্তা বলেন, বিশেষ করে ছদ্মবেশী ও গোপন পরিচয়ে কাজ করা কর্মকর্তাদের জন্য এই ঘটনা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। তিনি এখনো এফবিআইয়ের কয়েকজন কর্মকর্তার একটি গ্রুপ চ্যাটে যুক্ত আছেন। তাঁর ভাষ্য, ওই কর্মকর্তারা আশঙ্কা করছেন, তাঁদের ব্যক্তিগত তথ্য খুব শিগগির অপরাধী ও বিদেশি শত্রুভাবাপন্ন হ্যাকারদের হাতে সহজেই পৌঁছে যেতে পারে।

সাবেক ওই কর্মকর্তা বলেন, চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অপরাধীরা কর্মকর্তাদের লক্ষ্য করে অত্যন্ত বিশ্বাসযোগ্য ফিশিং বার্তা ও প্রতারণার কৌশল তৈরি করতে পারে। এমনকি এসব তথ্য ব্যবহার করে ঘুষ বা অর্থ দাবির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

তবে কর্মকর্তাদের সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি শারীরিক নিরাপত্তা। তাঁদের আশঙ্কা, যেসব অপরাধীর বিরুদ্ধে তাঁরা অতীতে তদন্ত করেছেন, তাদের কেউ কেউ ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে কর্মকর্তা বা তাঁদের পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করতে পারে।

ওই সাবেক কর্মকর্তা জানান, তাঁদের গ্রুপ চ্যাটে তরুণ সাইবার অপরাধীদের সম্ভাব্য সহিংসতার বিষয়টিও আলোচনা হচ্ছে। তাঁর মতে, ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কর্মকর্তাদের হয়রানি, ভয় দেখানো বা অন্যভাবে চাপ দেওয়ার চেষ্টা হতে পারে।

‘শাইনিহান্টার্স’ নামে একটি হ্যাকিং গোষ্ঠী দাবি করেছে, তারা এফবিআইয়ের সিস্টেমে ঢুকে বিপুল পরিমাণ তথ্য চুরি করেছে। গোষ্ঠীটি চুরি করা তথ্য ও নথি কয়েক দিনের মধ্যে প্রকাশ করার হুমকি দিয়েছে।

তবে এর আগে এফবিআইকে তাদের একটি দাবি মেনে নেওয়ার শর্ত দিয়েছে হ্যাকাররা। এবার তারা সরাসরি অর্থ বা মুক্তিপণ দাবি করেনি। বরং মে মাসে এফবিআই প্রকাশিত একটি সতর্কবার্তা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। শাইনিহান্টার্সের দাবি, ওই সতর্কবার্তায় তাদের ‘অপমান’ করা হয়েছিল।

হ্যাকিং গোষ্ঠীটি সাংবাদিকদের চুরি করা তথ্যের কিছু নমুনাও দিয়েছে। এসব নমুনা আসল বলে মনে হচ্ছে। এতে কর্মকর্তাদের নাম, ঠিকানা, ফোন নম্বর, পরিচয়পত্রের নম্বর, পদবি এবং স্বামী বা স্ত্রীর বিষয়ে তথ্য রয়েছে।

চুরি হওয়া তথ্যের মধ্যে হাজারো এফবিআই কর্মকর্তার তথ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটির উপপরিচালকের মতো জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্যও এর মধ্যে রয়েছে বলে মনে হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়গুলোর একটি হলো, হাজারো বিশেষ এজেন্টের চিকিৎসাসংক্রান্ত সংবেদনশীল তথ্যও হ্যাকারদের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি চুরি হওয়া তথ্যের মধ্যে এফবিআই কর্মকর্তাদের কাজের উপযোগিতা যাচাইয়ের জন্য করা কিছু চিকিৎসা পরীক্ষার নথি দেখেছে। এসব নথিতে রক্ত ও প্রস্রাব পরীক্ষার ফলাফল এবং চিকিৎসকদের বিভিন্ন নোট রয়েছে। কিছু নথিতে কর্মকর্তাদের নির্দিষ্ট শারীরিক সমস্যার তথ্যও রয়েছে। এর মধ্যে খাবারে অ্যালার্জি, প্রস্রাবে রক্ত এবং উচ্চ কোলেস্টেরলের মতো তথ্য রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফলে কিছু কর্মকর্তার পুরো নাম ও বাড়ির ঠিকানার পাশাপাশি তাঁদের স্বাস্থ্যসংক্রান্ত ব্যক্তিগত তথ্যও অপরাধীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এফবিআইয়ের সাবেক কর্মকর্তা মাইকেল ম্যাকফারসন বর্তমানে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিলিয়াকোয়েস্টের নিরাপত্তা কার্যক্রমের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এই ঘটনা কর্মকর্তাদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের জন্যও বড় ঝুঁকি তৈরি করেছে।

ম্যাকফারসনের মতে, এফবিআই কর্মকর্তারা তাঁদের পেশার কারণে কিছুটা ঝুঁকি থাকার বিষয়টি জানেন। কিন্তু বাড়ির ঠিকানা ও যোগাযোগের তথ্যের সঙ্গে ব্যক্তিগত চিকিৎসা তথ্যও প্রকাশ পেলে পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। এতে কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

এই হ্যাকিংয়ের প্রভাব শুধু ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করছেন কর্মকর্তারা। জাতীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ফাঁস হওয়া তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে গেলে এফবিআই কর্মকর্তাদের লক্ষ্য করে যোগাযোগ বা নিয়োগের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো কর্মকর্তার ব্যক্তিগত দুর্বলতা, পারিবারিক তথ্য বা যোগাযোগের মাধ্যম সম্পর্কে জানা থাকলে তাঁকে লক্ষ্য করে চাপ তৈরির সুযোগও বাড়তে পারে।

এ ঘটনায় এফবিআইয়ের বিরুদ্ধেও ক্ষোভ তৈরি হয়েছে। বিবিসির সঙ্গে কথা বলা কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, এত গুরুত্বপূর্ণ তথ্য কীভাবে হ্যাকারদের হাতে গেল।

সাবেক কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, প্রযুক্তিগত দিক থেকেও ঘটনাটি এফবিআইয়ের জন্য বিব্রতকর। কারণ শাইনিহান্টার্সকে সবচেয়ে দক্ষ বা অত্যাধুনিক হ্যাকিং গোষ্ঠীগুলোর একটি হিসেবে সাধারণত বিবেচনা করা হয় না।

এফবিআইয়ের এক সাবেক সাইবার কর্মকর্তা বলেন, এই ঘটনায় নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা ও অব্যবস্থাপনা ছিল বলে অভিযোগ ওঠায় সংস্থার কর্মীরা ক্ষুব্ধ।

এফবিআইয়ের সাইবার বিভাগের সাবেক উপপরিচালক সিনথিয়া কাইজার বর্তমানে হ্যালসিয়নের একটি গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর মতে, শাইনিহান্টার্স এরই মধ্যে চুরি করা তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, এসব তথ্য সাইবার নিরাপত্তা গবেষকদের বিভিন্ন অনলাইন গ্রুপেও ছড়িয়ে পড়ছে। ফলে হ্যাকারদের মূল তথ্যভান্ডার প্রকাশের আগেই ক্ষতি হয়ে থাকতে পারে।

কাইজারের ভাষ্য, কোনো তথ্য একবার অনলাইনে ছড়িয়ে পড়লে তা পুরোপুরি সরিয়ে ফেলা কঠিন। অতীতেও এফবিআইয়ের তথ্য ফাঁসের ঘটনায় দেখা গেছে, চুরি হওয়া তথ্য বহু বছর ধরে ডার্ক ওয়েবে ঘুরে বেড়িয়েছে।

শাইনিহান্টার্স সোমবার এফবিআইয়ের সিস্টেমে ঢোকার দাবি করার পর নিজেদের ডার্কনেট সাইটে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করে। তবে তাদের সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এফবিআই প্রথমে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পরে বুধবার সংস্থাটি হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে। এক বিবৃতিতে তারা জানায়, কীভাবে এই ঘটনা ঘটেছে, তা নিয়ে ‘জোরালোভাবে তদন্ত’ করা হচ্ছে।

তথ্য ফাঁসের আশঙ্কায় কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ইন্টারনেট থেকে সরাতে সহায়তা করে এমন ‘ডিলিটমি’ নামের একটি সেবায় নিবন্ধনের পরামর্শও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক সাবেক কর্মকর্তা। তবে তাঁর মতে, এত বড় ঘটনার ক্ষেত্রে শুধু এই ব্যবস্থা যথেষ্ট নয়।

আরেক সাবেক কর্মকর্তা বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী ও বিপুল সম্পদসম্পন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার এত গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।

শাইনিহান্টার্স জানিয়েছে, তারা নিজেদের ডার্কনেট সাইটে চুরি করা তথ্য প্রকাশ করবে। গোষ্ঠীটিকে তরুণ ইংরেজিভাষী সাইবার অপরাধীদের একটি সক্রিয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

রকস্টার গেমস ও শিক্ষা প্ল্যাটফর্ম ক্যানভাসের ওপর হামলাসহ কয়েকটি মুক্তিপণ আদায়ের সাইবার হামলার সঙ্গেও শাইনিহান্টার্সকে যুক্ত করা হয়েছে।

গোষ্ঠীটি টেলিগ্রামের মাধ্যমে নিয়মিত সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে। সেখানে তাদের সদস্যরা বিভিন্ন সাইবার হামলা নিয়ে প্রকাশ্যে কথা বলে এবং নিজেদের কর্মকাণ্ডের প্রচার করে।

এফবিআইয়ের এক সাবেক কর্মকর্তা বলেন, তরুণ সাইবার অপরাধীদের মোকাবিলা করা সংস্থাটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মাইকেল ম্যাকফারসন বলেন, এই ঘটনায় এফবিআই যে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিচ্ছে, তা নিয়ে তাঁর সন্দেহ নেই। তাঁর ধারণা, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এফবিআই বিভিন্ন অংশীদার সংস্থা ও বড় ধরনের সম্পদ কাজে লাগাবে।

সিনথিয়া কাইজারও বলেন, শাইনিহান্টার্সের কর্মকাণ্ড এফবিআইয়ের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। তাঁর মতে, হ্যাকারদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান ও আইনি পদক্ষেপের জন্য সংস্থাটিকে প্রস্তুত থাকতে হবে।

শাইনিহান্টার্সের দেওয়া সময়সীমা অনুযায়ী, আগামী সপ্তাহে চুরি করা তথ্য প্রকাশের হুমকি রয়েছে। এখন এফবিআই কীভাবে সম্ভাব্য তথ্য ফাঁসের পরিস্থিতি সামাল দেয়, সেটিই মূল উদ্বেগের বিষয়।

এই শাখার আরও খবর

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা-পুলিশ। শনিবার দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে ভাস্কর্য নয়, বসছে ফোয়ারা

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে ভাস্কর্য নির্মাণের পরিবর্তে পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ…

ফ্রিম্যান্টলকে হারিয়ে টানা তৃতীয়বার এএফএল শিরোপা ব্রিসবেনের

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে এএফএল গ্র্যান্ড ফাইনালে ফ্রিম্যান্টল ডকার্সকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রিসবেন লায়ন্স। ম্যাচের শেষ পাঁচ মিনিটে চারটি গোল করে ১৭ পয়েন্টে…

অপ্রতিমের মা-বাবাকে ফোনে হুমকি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

কুমিল্লায় আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর তার মা-বাবা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারকে গালিগালাজ ও…

মেঘনা নদী থেকে তিন ভাইবোনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল…

সিয়াটল ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানি ‘অভিশপ্ত কনে’

বার্লিন ও ওয়াশিংটনে প্রশংসা পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের সিয়াটল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতে প্রদর্শিত হতে যাচ্ছে পাকিস্তানি নির্মাতা সারমাদ খুসাতের সিনেমা ‘লালি’। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au