ক্যানবেরায় বাংলাদেশ ও ভারতের হাইকমিশনারদের বৈঠক
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন দুই দেশের হাইকমিশনার। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে অস্ট্রেলিয়ায়…
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একই অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারের তালিকাতেও দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে অবস্থান ধরে রাখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানো এবং মান উন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত প্রশাসন গবেষণা খাত ও আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়িয়েছে। ভবিষ্যতেও গবেষণার ক্ষেত্রে এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপাচার্য।
বুধবার টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করা হয়। শিক্ষার মান, শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত, গবেষণার মান, গবেষণাপত্রের উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে এ র্যাঙ্কিংয়ে মূল্যায়ন করা হয়েছে।
টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণায় উৎকর্ষ, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক সম্ভাবনা, এই পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিভিন্ন কর্মদক্ষতার সূচক ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১ থেকে ১০০০ অবস্থানের স্তরে যৌথভাবে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। বর্ণানুক্রমিক ক্রমে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়েছে।
এর পরের ১০০১ থেকে ১২০০ অবস্থানের স্তরে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১ থেকে ১৪০০ অবস্থানের স্তরে যৌথভাবে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৪০১ থেকে ১৬০০ অবস্থানের স্তরে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ অবস্থানের স্তরে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে অংশ নিলেও মূল র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তালিকায় স্থান পায়নি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au