দুই নারীকে কথিত যৌন নিপীড়ন, শ্বাসরোধ ও ডাকাতির ঘটনায় তদন্তকারীরা তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। 9News
অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণাঞ্চলে একা বসবাসকারী নারীদের লক্ষ্য করে হামলা, যৌন নিপীড়ন, শ্বাসরোধ ও ডাকাতির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, তারা নারীদের ডাকাতির পাশাপাশি ডাক্ট টেপ দিয়ে বেঁধে এবং ছুরি দেখিয়ে ভয় দেখাতেন।
তৃতীয় একটি হামলা চালানোর আগেই বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।
পুলিশের সেক্স ক্রাইমস স্কোয়াডের তদন্ত অনুযায়ী, পৃথক দুটি ঘটনায় সিডনির দক্ষিণাঞ্চলের দুই নারী হামলার শিকার হন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আর্নক্লিফের মারিনিয়া স্ট্রিটের একটি বাড়িতে প্রথম ঘটনাটি ঘটে। পুলিশের অভিযোগ, কয়েকজন ব্যক্তি জোর করে বাড়িতে ঢুকে ৩১ বছর বয়সী এক নারীকে হুমকি দেন। পরে তাকে চেপে ধরে যৌন নিপীড়ন করা হয়
ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট ভার্জিনিয়া গোরম্যানের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ওই নারীর কাছ থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরে ওই নারীকে সামান্য শারীরিক আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ প্রথমে আর্নক্লিফের মারিনিয়া স্ট্রিটের একটি বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। 9News
এর মাত্র দুই দিন পর ব্যাংকসটাউনের জ্যাকবস স্ট্রিটের একটি ইউনিটে একই ধরনের ঘটনা ঘটে বলে পুলিশের অভিযোগ। সেখানে একা থাকা ৩২ বছর বয়সী এক নারীর বাসায় তিন ব্যক্তি জোর করে প্রবেশ করে তাকে মারধর এবং নগদ অর্থ লুট করে বলে অভিযোগ করা হয়েছে। তাকেও সামান্য শারীরিক আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সুপারিনটেনডেন্ট গোরম্যান অভিযোগ করেন, হামলাগুলো ছিল ‘অতিরিক্ত সহিংস’। তার দাবি, সন্দেহভাজনরা নারীদের গতিবিধি অনুসরণ করে বিশেষভাবে দুর্বল অবস্থায় থাকা নারীদের লক্ষ্য করেছিল।
তিনি বলেন, হামলাকারীরা ছুরি ব্যবহার করে এবং নারীদের নিয়ন্ত্রণে রাখতে ডাক্ট টেপ দিয়ে তাদের হাত-পা ও মুখ বাঁধে।
ঘটনার তদন্তে স্টেট ক্রাইম কমান্ডের সেক্স ক্রাইমস স্কোয়াড ‘স্ট্রাইক ফোর্স ফোরেলা’ গঠন করে।
তদন্তকারীরা বৃহস্পতিবার বেলমোর, পাঞ্চবোল ও গ্রিনএকার এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি চালান। সেখান থেকে ১৮ বছর বয়সী অ্যাডাম ফাখৌরি, ১৯ বছর বয়সী আরমান নাঙ্গিয়াল এবং ২০ বছর বয়সী চাওকাত ইব্রাহিম এল চেইখকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিনজনের বিরুদ্ধে মোট ১৯টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে গুরুতর অপরাধমূলকভাবে বাড়িতে প্রবেশ, গুরুতর ডাকাতি, অপহরণ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্বাসরোধ, সাধারণ হামলা এবং অস্ত্র ব্যবহার।

সুপারিনটেনডেন্ট গোরম্যান কথিত হামলাগুলোকে “অত্যন্ত সহিংস” বলে অভিহিত করেছেন। 9News
২০ বছর বয়সী এল চেইখের বিরুদ্ধে গুরুতরভাবে বাড়িতে প্রবেশ, গুরুতর ডাকাতি, অপহরণ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্বাসরোধের দুটি অভিযোগ, সাধারণ হামলা এবং দলবদ্ধ অবস্থায় আক্রমণাত্মক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
১৯ বছর বয়সী নাঙ্গিয়ালের বিরুদ্ধে গুরুতরভাবে বাড়িতে প্রবেশ, গুরুতর যৌন নিপীড়নের দুটি অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্বাসরোধের দুটি অভিযোগ, গুরুতর ডাকাতি, অপহরণ, সাধারণ হামলা, দলবদ্ধ অবস্থায় অস্ত্র ব্যবহারের অভিযোগসহ ডিজিটাল অ্যাকসেস অর্ডার না মানার অভিযোগ রয়েছে।
১৮ বছর বয়সী ফাখৌরির বিরুদ্ধেও গুরুতরভাবে বাড়িতে প্রবেশ, গুরুতর ডাকাতি, অপহরণ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্বাসরোধের দুটি অভিযোগ, সাধারণ হামলা এবং দলবদ্ধ অবস্থায় আক্রমণাত্মক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
সুপারিনটেনডেন্ট গোরম্যান বলেন, *“আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার অভিযোগ এনেছি।”*
তদন্তকারীদের দাবি, গ্রেপ্তারের আগে তিনজন আরও একজন নারীকে লক্ষ্য করে হামলা চালানোর পথে ছিল। পুলিশ সময়মতো তাদের আটক করায় সম্ভাব্য তৃতীয় হামলাটি ঠেকানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ বলছে, হামলায় নারীরা শারীরিকভাবে তুলনামূলক কম আহত হলেও এসব ঘটনার মানসিক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
শুক্রবার বারউড লোকাল কোর্টে হাজির করা হলে তিনজনকেই জামিন দেওয়া হয়নি। অভিযোগগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনজনই আইনের চোখে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।
যৌন নিপীড়ন, পারিবারিক ও ঘরোয়া সহিংসতার শিকার ব্যক্তিরা অস্ট্রেলিয়ার National Sexual Assault, Domestic and Family Violence Counselling Service-এর 1800RESPECT নম্বরে (1800 737 732) যোগাযোগ করতে পারেন। জরুরি পরিস্থিতিতে ট্রিপল জিরো (000) নম্বরে কল করতে বলা হয়েছে।
সূত্র: নাইন.কম.এইউ