রাহুল গাঁধী। ছবি: সংগৃহীত
দেশজুড়ে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনতে ‘সত্যাগ্রহ’ নামে নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাধারণ মানুষের আন্দোলনের কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি যাতে নিজেদের আন্দোলনের তথ্য জানাতে এবং প্রয়োজনে সহায়তা চাইতে পারেন, সেই সুযোগও রাখা হয়েছে ওয়েবসাইটটিতে।
ওয়েবসাইট উদ্বোধনের এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নিজেদের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। কেউ শিক্ষার্থীদের অধিকার নিয়ে, কেউ নারীদের নিয়ে, আবার কেউ মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছেন। এসব আন্দোলনের তথ্য এক জায়গায় সংকলিত করতেই ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট চালু করা হয়েছে।
ওয়েবসাইটটির নামের নিচে লেখা হয়েছে, ‘সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো’।
রাহুল বলেন, শিক্ষার্থী, তরুণ, কৃষক, আদিবাসী, দলিত ও নারীদের আন্দোলনের প্রেক্ষাপট আলাদা হলেও এককভাবে আন্দোলন করলে অনেক সময় সেই আওয়াজ চাপা পড়ে যায়। তাই বিভিন্ন প্রতিবাদী কণ্ঠকে একটি ডিজিটাল মানচিত্রের মাধ্যমে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘যেখানে সত্যকে পিষে ফেলা হচ্ছে, সেখানে মানুষকে প্রতিরোধ করতে সাহায্য করা বিরোধী দলনেতা হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ।’
ওয়েবসাইটে নিজেদের আন্দোলনের তথ্য দেওয়ার জন্য ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল। তিনি বলেন, আন্দোলন ছোট হোক বা বড়, সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের নাম, আন্দোলনের বিষয় এবং প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে জমা দেওয়া যাবে। প্রয়োজনে সহায়তার কথাও জানানো যাবে।
রাহুল বলেন, ‘আমরা যদি আপনাদের সাহায্য করতে পারি, যদি আপনারা আমাদের সাহায্য চান, লিখুন। আপনাদের সাহায্য করতে পারলে আমরা খুশি হব।’
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিনের পরপরই ওয়েবসাইটটি চালু করা হয়। এ প্রসঙ্গে রাহুল বলেন, মহাত্মা গান্ধী শিখিয়েছিলেন, সত্যই মানুষের সবচেয়ে বড় অস্ত্র। তবে সত্যের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানো আরও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আপনিও যদি কোনও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে থাকেন, আপনার গল্প শেয়ার করুন। এতে মাত্র দু’মিনিট সময় লাগবে।’
সূত্র: আনন্দবাজার.কম