বাংলাদেশ

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থী, তদন্তে আসছে জাতিসংঘ

  • 5:17 pm - October 07, 2026
  • পঠিত হয়েছে:১১১ বার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর কার্যালয়ে হেনস্তা করে পদত্যাগপত্রে সই করান বিএনপির নেতারা। ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের শিকার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করতে আগামী মাসে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ফরিদা শাহিদ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ঢাকা কার্যালয় তাঁর সফরে সহযোগিতা করবে।

আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ফরিদা শাহিদের। তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তাঁর সফরের বিস্তারিত কর্মসূচি নভেম্বরের শুরুতে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি মবের শিকার শিক্ষক, শিক্ষার্থী এবং এসব ঘটনায় নিহত শিক্ষকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

মবের শিকার শিক্ষকদের সংগঠন ‘পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট’-এর দাবি, গত দুই বছরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক মবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত আটজন শারীরিক ও মানসিক আঘাতের পর মারা গেছেন। পাঁচ শতাধিক শিক্ষক আহত বা অসুস্থ হয়েছেন। এ ছাড়া প্রায় ৯৪০ জন শিক্ষক এখনো বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। ক্ষতিগ্রস্ত শিক্ষকদের বড় একটি অংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক।

শিক্ষক নেতাদের অভিযোগ, এসব ঘটনায় বিভিন্ন সময়ে সরকারি নির্দেশনা জারি হলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তা বাস্তবায়ন করেনি। ফলে অনেক শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মস্থলে ফিরতে পারছেন না। কারও শিক্ষক ইনডেক্স বা এমপিও শনাক্তকরণ নম্বর বাতিল করা হয়েছে, আবার কারও বেতন-ভাতা বন্ধ রয়েছে। আদালত ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেও অনেকে প্রতিকার পাননি।

‘পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট’-এর সভাপতি এবং ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. বেদার উদ্দিন আহমেদ বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ ও স্মারকলিপি দিয়ে আসছেন। সরকারি নির্দেশনা থাকার পরও অনেক শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না। জাতিসংঘের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী ও তাঁদের পরিবারের বক্তব্য শুনলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে তিনি মনে করেন।

জোট সূত্রে জানা গেছে, মবের শিকার শিক্ষকরা প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রসহ তাঁদের অভিযোগ জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক দপ্তরে পাঠিয়েছেন। এ জন্য জাতিসংঘের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ফরমও দেওয়া হয়েছিল। সেখানে ২ হাজার শব্দের মধ্যে ঘটনার বিবরণ, বর্তমান পরিস্থিতি, মামলা বা অভিযোগের তথ্য এবং ছবি, ভিডিও, অডিওসহ অন্যান্য প্রমাণ পাঠাতে বলা হয়েছে।

তবে এখন পর্যন্ত কতজন শিক্ষক জাতিসংঘের কাছে অভিযোগ পাঠিয়েছেন, সেই সংখ্যা জানা যায়নি। একই সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৎকালীন সরকারি দলের ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত অনেক শিক্ষার্থীও মবের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। সংগঠনের পদধারী শিক্ষার্থীদের অনেকে শ্রেণিকক্ষে ফিরতে পারেননি। এমনকি পরীক্ষায় অংশ নিতে গিয়েও অনেকে মবের হামলা বা হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

জোটের সাধারণ সম্পাদক এবং ধামরাইয়ের সূয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, জোর করে পদত্যাগ, শারীরিক লাঞ্ছনা, বেতন বন্ধ করে দেওয়া এবং কর্মস্থলে যেতে বাধা দেওয়ার কারণে শুধু শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হননি, শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি নির্দেশনা থাকলেও সমস্যার সমাধান হয়নি

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তৎকালীন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উদ্বেগ প্রকাশ করেন। পরের মাসে শিক্ষা মন্ত্রণালয় জোর করে পদত্যাগ গ্রহণযোগ্য নয় জানিয়ে নির্দেশনা জারি করে।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের বেতন-ভাতা চালু রাখার নির্দেশ দেওয়া হয়। একই বছরের ৭ এপ্রিলের প্রজ্ঞাপনে চাকরি পুনর্বহাল এবং ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার কথা বলা হয়। পরে ৭ অক্টোবর সরকারি আদেশ অমান্যকারী ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

চলতি বছরের ১ জানুয়ারির পরিপত্রে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানে বাধা দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষক নেতাদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠান এখনো এসব নির্দেশনা মানছে না। তাঁদের দাবি, কোনো কোনো ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান ক্ষতিগ্রস্ত শিক্ষকদের বেতন-ভাতা চালু করেননি এবং ইএফটি চালুর জন্য প্রয়োজনীয় তথ্যও হালনাগাদ করা হয়নি। ফলে প্রায় ৯৪০ জন শিক্ষক এখনো বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।

হামলার পর হাসপাতালে প্রধান শিক্ষক

মবের শিকার শিক্ষকদের একজন রাজধানীর আরমানিটোলার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ২৫ আগস্ট বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ও তাঁর সহযোগীরা তাঁকে জোর করে পদত্যাগে বাধ্য করেন। একই দিন কমিটি ছাড়াই মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন।

নাজমা বেগমের দাবি, এরপর তাঁর স্কুল ও সরকারি বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। তদন্তের কাজে বিদ্যালয়ে গেলে তাঁর ওপর হামলা করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত দেড়টার দিকে পুলিশ তাঁকে বাসা থেকে থানায় নিয়ে যায় এবং আদালতে পাঠায়।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাঁর সরকারি বেতন ছাড় করে। গত ফেব্রুয়ারি থেকে তিনি ইএফটির মাধ্যমে বেতন পেলেও বদলির জন্য প্রয়োজনীয় এনওসি ও পাসওয়ার্ডসংক্রান্ত সমস্যা এখনো সমাধান হয়নি। তিন সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

চার ঘণ্টা আটকে রেখে পদত্যাগের অভিযোগ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় এবং সহকারী অধ্যাপক ড. ফারহানা খানমও ২০২৪ সালের আগস্টে জোর করে পদত্যাগে বাধ্য হওয়ার অভিযোগ করেছেন।

ফারহানা খানমের অভিযোগ, তাঁকে চার ঘণ্টা আটকে রেখে পদত্যাগপত্রে সই নেওয়া হয়। এমনকি সাদা কাগজেও বাংলা ও ইংরেজিতে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছিল। কেকা রায়কেও জোর করে পদত্যাগে বাধ্য করা হয় এবং সাধারণ শিক্ষক হিসেবে কাজ করার সুযোগও তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষক জোটের নেতাদের অভিযোগ, রাজনৈতিক পরিবর্তনের পর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও বহিরাগতদের একটি অংশ শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিষ্ঠানপ্রধানদের ওপর হামলা ও চাপ সৃষ্টি করে। কোথাও পদ দখল, কোথাও ব্যক্তিগত বিরোধ, আবার কোথাও প্রতিষ্ঠানের আর্থিক নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁদের দাবি।

মবের মাধ্যমে পদত্যাগ করানোর পর কোনো কোনো প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ, শিক্ষককে বাধ্যতামূলক ছুটি বা অবসরে পাঠানো এবং বরখাস্ত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে অস্থিরতা তৈরি হয়েছে এবং পাঠদান ব্যাহত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।

আদালতে গিয়েও অনিশ্চয়তা

রাজধানীর সোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম বলেন, জোরপূর্বক পদত্যাগ করা শিক্ষকদের অধিকার ও পুনর্বহাল নিয়ে একাধিক মামলা হয়েছে। তিনিও ২০২৪ সালে হাইকোর্টে রিট করেন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর পদত্যাগ করা শিক্ষকদের পক্ষে হাইকোর্টের একটি রায় হয়েছে বলেও তিনি জানান।

কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, প্রশাসনিক নির্দেশনা ও আদালতের আদেশের পরও কোনো প্রতিষ্ঠান তা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। তা না হলে ক্ষতিগ্রস্ত শিক্ষকরা বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে থাকবেন।

শিক্ষার পরিবেশ নিয়েও উদ্বেগ

রাজধানীর বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. ইদ্রিস আলীর মতে, কোনো শিক্ষককে অপমান, শারীরিকভাবে লাঞ্ছিত করা বা মবের চাপে পদত্যাগে বাধ্য করার প্রভাব শুধু ওই শিক্ষকের ওপর সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়ে। প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের প্রশাসনিক কর্তৃত্ব দুর্বল হয়ে পড়লে শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পাঠদানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত শিক্ষক নেতারা মনে করছেন, জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশ সফরে মব-সহিংসতা ও জোরপূর্বক পদত্যাগের অভিযোগের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের ওপর এসব ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাবও খতিয়ে দেখবেন। তাঁদের প্রত্যাশা, ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী ও তাঁদের পরিবারের বক্তব্য সরাসরি শোনার মাধ্যমে ঘটনার একটি পূর্ণাঙ্গ চিত্র আন্তর্জাতিক পর্যায়ে উঠে আসবে।

এই শাখার আরও খবর

হানিট্র্যাপের সন্দেহে ভারতের ১৩ নৌসেনা সদস্য নজরদারিতে

পাকিস্তান-সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন গুপ্তচর চক্রের সন্ধান পাওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে বড় ধরনের কাউন্টার-ইন্টেলিজেন্স অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ১৩ সদস্যসহ মোট ১৮…

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, কর্মীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর গুরুতর অবস্থায় হাসপাতালে…

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিত করতে প্রস্তুত ছিল ইসরায়েল

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা এবং সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ঘটনায় উড়োজাহাজটিকে আকাশেই ভূপাতিত করার জন্য প্রস্তুত হয়েছিল ইসরায়েল। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি…

প্লেগ গবেষণাগারে ল্যাবকর্মীর মৃত্যু, স্পষ্ট তথ্য চায় ডব্লিউএইচও

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণাগারে ২৮ বছর বয়সী এক ল্যাব সহকারীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। দারিয়া শিপিলোভা নামের ওই কর্মী গত ২ অক্টোবর তীব্র…

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au