কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এতে গণেশ ও লক্ষ্মীর প্রতিমা এবং দুর্গার বাহন সিংহের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। শুক্রবার রাতে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। কাজ শেষ করতে রাত প্রায় ২টা বেজে যায়। তখন তাঁর সঙ্গে আরও চারজন মন্দিরে ছিলেন। কাজ শেষে প্রতিমাগুলো ঢেকে রেখে তাঁরা বাড়ি ফিরে যান। সকালে মন্দিরে এসে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা দেখতে পান তাঁরা।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, শুক্রবার রাত ২টা পর্যন্ত তাঁরা মন্দিরে ছিলেন। কারিগর অধীর বিশ্বাস প্রতিমা তৈরির কাজ শেষ করার পর সেগুলো ঢেকে রেখে সবাই বাড়ি চলে যান। সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি তাঁদের নজরে আসে। তাঁদের ধারণা, রাত ২টার পর কোনো একসময় এ ঘটনা ঘটেছে।
কৌশিক বিশ্বাস বলেন, দুর্গাপূজা সামনে রেখে এমন ঘটনায় তাঁরা আতঙ্কিত। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে দীর্ঘদিন ধরে ওই এলাকায় তাঁরা চাপের মুখে রয়েছেন বলেও দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান মন্দির কমিটির এই নেতা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারোয়ার বলেন, রাত ২টা পর্যন্ত মন্দিরে লোকজন ছিলেন। এরপর ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।
দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের এ ঘটনায় খয়েরচারা এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।