বাংলাদেশ

চাঁদা না পেয়ে লুটপাট, দখল-চাঁদাবাজি থামাতে ব্যর্থ কেন সরকার?

  • 2:25 pm - October 10, 2026
  • পঠিত হয়েছে:৮২ বার
বাংলাদেশে সাম্প্রতিককালে চাঁদাবাজি, দখল, ভাঙচুরসহ একের পর এক ঘটনা গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমি দখল, হামলা ও ভাঙচুরের একের পর এক ঘটনায় উদ্বেগ বাড়ছে। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে আবাসিক ভবন নির্মাণেও চাঁদা দাবির অভিযোগ উঠছে। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে কোথাও হামলা চালিয়ে মালামাল লুট করা হচ্ছে, আবার কোথাও নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, ৪০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই এই হামলা চালানো হয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা ২৬ মিনিটে কেরানীগঞ্জের আরশিনগরে অবস্থিত আফসানা হাউজিংয়ের কার্যালয়ের সামনে একটি খালি ছোট ট্রাক এসে থামে। এর আগেই প্রায় ৩০ জন যুবক প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করেন।

কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রামদা ও লাঠিসোঁটা নিয়ে আসা যুবকেরা বিভিন্ন কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে তাঁরা কার্যালয়ে থাকা সোফাসেট, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র বের করে বাইরে রাখা গাড়িতে তোলেন। পরে মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার কয়েক দিন পর বুধবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ভাঙচুরের চিহ্ন দেখতে পান বিবিসি বাংলার প্রতিবেদক।

আফসানা হাউজিংয়ের ব্যবস্থাপক মো. নাসির জানান, হামলাকারীরা কার্যালয়ের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, সোফা, টেবিল, টেলিভিশন, গিজার ও নগদ টাকাসহ প্রায় এক কোটি টাকার সম্পদ নিয়ে গেছেন।

তাঁর অভিযোগ, হামলাকারীরা আগে থেকেই ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ওই এলাকায় ব্যবসা করতে হলে টাকা দিতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি চাঁদা দিতে রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়।

প্রতিষ্ঠানটির মালিক সজীব ব্যাপারী অভিযোগ করেন, চাঁদার টাকা না দেওয়ায় ভাড়াটে সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে তাঁর কার্যালয়ে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, চাঁদা দিয়ে ব্যবসা করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। এরপরই তাঁর প্রতিষ্ঠানে হামলা হয়। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ঘটনায় পরদিন ১৬ জনের নাম উল্লেখ করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন সজীব ব্যাপারী।

এদিকে শুধু কেরানীগঞ্জ নয়, রাজধানীর মিরপুরের রূপনগর এলাকাতেও চাঁদাবাজির অভিযোগে একাধিক আবাসিক ভবনের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে।

রূপনগরে চার কাঠার একটি জমি কিনেছিলেন ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন। দীর্ঘদিন জমিটি ফাঁকা থাকার পর প্রায় চার মাস আগে সেখানে ভবন নির্মাণের উদ্যোগ নেন তিনি। কিন্তু কাজ শুরুর পরপরই স্থানীয় একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করতে থাকে বলে অভিযোগ করেন তিনি।

মোদাচ্ছের হোসেন জানান, ভবনের পাইলিংয়ের কাজ শুরু করার পর বিভিন্ন সময়ে কয়েকজন ব্যক্তি এসে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

বারবার হুমকির মুখে একপর্যায়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।

ক্ষোভ প্রকাশ করে মোদাচ্ছের হোসেন বলেন, গ্রামের জমিজমা বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন নিজের একটি বাড়ি নির্মাণের জন্য। কিন্তু চাঁদাবাজদের হুমকিতে সেই স্বপ্ন পূরণ করতে পারছেন না। এখনো তাঁকে ভাড়া বাসায় থাকতে হচ্ছে।

তবে হুমকি ও চাঁদার দাবির পরও তিনি থানায় কোনো অভিযোগ করেননি। তাঁর দাবি, অভিযোগ করেও কোনো লাভ হবে না বলে মনে করেন তিনি।

একই এলাকার আরেকটি ভবন নির্মাণ করতে গিয়ে চাঁদাবাজির শিকার হওয়ার অভিযোগ করেছেন ডেফোডিল হোমস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান।

তিনি জানান, একটি দশতলা ভবনের চারতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হওয়ার পর স্থানীয় একটি চক্র তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের মারধর এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে।

আব্দুল মান্নান বলেন, চাঁদাবাজদের হুমকির কারণে অন্তত চারবার নির্মাণকাজ বন্ধ রাখতে হয়েছে। সর্বশেষ এক মাসের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ রয়েছে কাজ।

তিনি জানান, চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ফ্ল্যাট হস্তান্তর করার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রতি মাসে জরিমানা দিতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সময়সীমা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনায় মামলা করলেও কার্যকর কোনো ফল পাননি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের একটি অংশের সহযোগিতা ছাড়া এ ধরনের চাঁদাবাজি দীর্ঘদিন চলতে পারে না।

এদিকে সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় প্রায় অর্ধশত প্লট ও ভবনের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ নিয়ে গত রোববার সংবাদ সম্মেলন করে সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা প্লট, ফ্ল্যাট ও বাড়ি মালিক কল্যাণ সমিতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এলাকায় জমি দখলের পাশাপাশি নতুন ভবন নির্মাণের সময় চাঁদা দাবি করছে একটি সংঘবদ্ধ চক্র। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের হুমকি, মারধর এবং কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে।

এমনকি পুলিশের উপস্থিতিতেও নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন সমিতির নেতারা।

রাড্ডার ঘটনার সময় পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ ওঠে, প্রতীকী ছবি

সমিতির সহসভাপতি মো. তাওহীদুল ইসলাম তালুকদার বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এলাকায় চাঁদাবাজি ও দখলের ঘটনা দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এসব কর্মকাণ্ড আরও বেড়েছে।

তাঁর দাবি, সম্প্রসারিত রূপনগর এলাকায় প্রায় ৫০টি প্লট ও ভবনের মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তাঁরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি নেই। পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি জানান, অপরাধ সংঘটিত হলে প্রয়োজন অনুযায়ী মামলা গ্রহণ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে চাঁদাবাজি ও দখলের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও সামনে এসেছে। বিভিন্ন ঘটনায় ক্ষমতাসীন বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতার নাম উঠে আসায় দলটির সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল হক মনে করেন, রাজনৈতিক প্রভাব ও সংশ্লিষ্টতার কারণেই চাঁদাবাজি ও দখলের মতো অপরাধ সহজে নির্মূল করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পর তাদের নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, বিরোধী দলে থাকার সময় হামলা, মামলা কিংবা আর্থিক ক্ষতির শিকার হওয়ার বিনিময়ে এখন সুবিধা আদায় করার সুযোগ এসেছে।

তাঁর মতে, এ ধরনের মানসিকতা থেকেই কেউ কেউ শক্তি প্রয়োগ করে অন্যের সম্পদ দখল কিংবা চাঁদাবাজির পথ বেছে নেন।

বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও তা যথেষ্ট কার্যকর হচ্ছে না বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী।

ড. তৌহিদুল হক বলেন, সাংগঠনিক ব্যবস্থা প্রকৃত অর্থে দৃষ্টান্ত তৈরি করতে পারছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। শুধু দলীয় ব্যবস্থা নয়, প্রতিটি অপরাধের ক্ষেত্রে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হলে তা অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

তবে সরকার চাঁদাবাজি ও দখলবাজদের প্রশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ নাকচ করেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, সরকার কোনোভাবেই চাঁদাবাজি বা দখলবাজিকে প্রশ্রয় দিচ্ছে না। তবে ক্ষমতাসীন দলের কেউ কেউ এসব অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন, এমন অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারি দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা না নিলে তার দায় শেষ পর্যন্ত সরকারকেই বহন করতে হবে।

তিনি আরও জানান, জনগণ যদি ধারাবাহিকভাবে চাঁদাবাজি ও দখলবাজির কারণে ক্ষতিগ্রস্ত হন, তাহলে সরকারের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। বিষয়টি সম্পর্কে সরকার সচেতন রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখল ও হামলার অভিযোগের মধ্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং আবাসিক ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দ্রুত আইনি প্রতিকার চাইছেন।

এসব ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত আইন প্রয়োগ নিশ্চিত করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা: কী বলছে ইইউ জাতিসংঘসহ প্রভাবশালী দেশগুলো

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘিরে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপের বিরোধিতা করেছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি…

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই ক্যাটি জাকারিয়া?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সমর্থক ক্যাটি জাকারিয়া। ট্রাম্পের নির্বাচনি প্রচারে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তাঁর…

সীতাকুণ্ডে হিন্দু গৃহবধূর হাত বাঁধা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়সংলগ্ন জমি থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া এক তরুণী গৃহবধূর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম চন্দনা রানী শীল (২২)। পরিবারের অভিযোগ,…

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার, ৯ অক্টোবরের এই ভূমিকম্পে রাজধানী পানামা সিটিসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত…

হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, দেশে ফিরতে চান তিনি: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর মাঝেমধ্যে কথা হয়। শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান, তবে সরকার তাঁকে…

সিজেপির বিক্ষোভ ঘিরে কার্যত লকডাউন দিল্লি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

ভারতের দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ ও মিছিলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠেয় এ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au