জয়নগরের বিধায়কের গাড়িতে হামলা। জখম বিধায়ক-সহ তিন জন। ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি আটকে ইট ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এতে বিধায়কের বাঁ চোখ ও মাথায় আঘাত লেগেছে। আহত হয়েছেন তাঁর গাড়িচালক ও নিরাপত্তারক্ষীও।
এ ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিধায়ক বিশ্বনাথ দাস। তবে অভিযোগ অস্বীকার করে বিজেপির স্থানীয় নেতারা দাবি করেছেন, বিধায়কের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জয়নগর থানার মনসাতলা ও গৌড়বেড়িয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিধায়ক বিশ্বনাথ দাসের দাবি, প্রতি শনিবারের মতো এদিনও তিনি বিধায়ক কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় গাড়িতে করে বাড়ি ফেরার পথে মনসাতলা এলাকায় কয়েকজন তাঁর গাড়ির পথ আটকে তাঁকে নেমে আসতে বলেন।
বিশ্বনাথের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাঁকে উদ্দেশ করে বলেন, ‘নাম (গাড়ি থেকে)। কথা আছে। তোর আজ ব্যবস্থা করে ছাড়ব। আজই শ্মশানে পাঠিয়ে ছাড়ব। বড় মমতার ভক্ত হয়েছিস না?’
বিধায়কের অভিযোগ, এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেখান থেকে কোনওভাবে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেও গৌড়বেড়িয়া হাট এলাকায় আবার তাঁর পথ আটকানো হয়। সেখানে গালিগালাজের পাশাপাশি ইট ও লাঠি দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে তাঁর বাঁ চোখ ও মাথায় গুরুতর আঘাত লাগে। হামলা থেকে রেহাই পাননি গাড়িচালক ও নিরাপত্তারক্ষীও।
বিশ্বনাথ দাসের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর রাজনৈতিক সমর্থনের কারণেই তাঁকে হামলার শিকার হতে হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঢোসা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক ও তাঁর সঙ্গীদের উদ্ধার করে। পরে জয়নগর থানায় গিয়ে ঘটনার বিষয়ে অভিযোগ জানান বিশ্বনাথ দাস। তাঁর অভিযোগ, বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা এ হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, বিধায়ক বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এর প্রতিবাদেই স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার সঙ্গে বিজেপির কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছে দলটি।
ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র:আনন্দবাজার.কম