চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আসেনি, অসুস্থ দুই ফায়ার সার্ভিসকর্মী হাসপাতালে।
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করার সময় ফায়ার সার্ভিসের দুই সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।
আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীরা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে মনজুর খান প্লাজা মার্কেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। এর দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবিলায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় ১০টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মনজুর খান প্লাজার দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দোকান এবং পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুদ করা হয়। অধিকাংশ গোডাউনেই বিপুল পরিমাণ মালামাল রাখা ছিল।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে দোকান ও গোডাউনের মালিক এবং কর্মচারীরা সেগুলো বন্ধ করে দ্রুত বেরিয়ে যান।
গোডাউনগুলোর অধিকাংশ তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। পাশাপাশি, গোডাউনগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুদ থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে।
আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।