হৃদয় কুমার হরিজন। ছবি : সংগৃহীত
সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোন তাক করে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ জানালে তাঁর সঙ্গে আমিনের বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে আমিন মুঠোফোনে যোগাযোগ করে কয়েকজন সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁরা হৃদয়ের ওপর হামলা চালান। এ সময় ধারালো ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হৃদয় কুমার হরিজনের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন।
অজয় কুমার হরিজন বলেন, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় তাঁর ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ময়নাতদন্ত শেষে হৃদয়ের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।