বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি: দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার প্রতিমাসহ মালামাল

  • 1:46 pm - October 14, 2026
  • পঠিত হয়েছে:৭৩ বার
উদ্ধার প্রতিমাসহ মালামাল হয়েছে।ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বিভিন্ন প্রতিমা, স্বর্ণালংকার, রুপার চেইনসহ পিতল ও তামার সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনের খোঁজ করছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া বড় বাজার এলাকার লাল মিয়ার ছেলে জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়া এলাকার নজরুল মালদারের ছেলে আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, মন্দিরের সভাপতি দীপক কুমার বোস এ ঘটনায় মামলা করেন। মামলার পর পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে। গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে কোনো এক সময় আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার মন্দিরটিতে চুরির ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়াকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য দেন। পরে অভিযান চালিয়ে আকাশকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জারু মিয়ার বাড়ি থেকে তাঁর দেখানো মতে দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ইমিটেশনের চারটি মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনকে সঙ্গে নিয়ে আখাউড়ার মসজিদপাড়ায় অভিযান চালায় পুলিশ। সেখানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে পলাতক তাজুল ইসলামের ভাঙারির দোকান থেকে আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। ৬২ বছর বয়সী তাজুল ইসলাম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা। তিনি আখাউড়ার মসজিদপাড়ায় ভাড়া থাকতেন।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে রাধারানীর একটি বড় পিতলের প্রতিমা, গৌর-নিতাইয়ের দুটি পিতলের প্রতিমা, গোপালের একটি ছোট পিতলের প্রতিমা, একটি পিতলের কাঁসি, দুটি প্রদীপদানি, একটি পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, একটি তামার বাটি, ছোট-বড় দুটি তামার কোসাকুসি এবং শঙ্খ রাখার একটি পিতলের স্ট্যান্ড।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পলাতক তাজুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল সৌদি সুপ্রিম কোর্টের

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক আনোজান শিবরাজের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কা…

আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতা সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা কে এই কিশোরীলাল রায় চৌধুরী?

নিজের পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষাকেন্দ্রের বিকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জড়িয়ে আছে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়…

বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি বান্দরবানের তিন কিশোরী, সন্ধানের অপেক্ষায় স্বজনেরা

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। গত রোববার সকালে বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে…

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশের পদক্ষেপ প্রত্যাশা করছে ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন,…

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শিকার’ হিসেবে পাঠানো হয় বাংলাদেশিদের, প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭

নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে। সেখানে মাত্র ২১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au