মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্যাপিত…
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের সাখালিন দ্বীপ থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। গ্রেপ্তার হওয়া সাংবাদিকের নাম ইমাই ইউকি। তিনি জাপানের হোক্কাইডো শিম্বুন সংবাদপত্রে কর্মরত ছিলেন। রুশ কর্তৃপক্ষের অভিযোগ, তিনি জাপানি গোয়েন্দা সংস্থার হয়ে রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করছিলেন। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এ গ্রেপ্তারের তথ্য জানায়। সংস্থাটির দাবি, সাখালিন দ্বীপের প্রধান শহর ইউঝনো-সাখালিনস্ক থেকে রাশিয়া ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় ওই সাংবাদিককে আটক করা হয়। পরে তাঁকে বিমানে করে মস্কোতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি আদালত তদন্ত চলাকালে তাঁকে প্রায় দুই মাস আটক রাখার নির্দেশ দেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও গ্রেপ্তার হওয়া সাংবাদিকের পরিচয় নিশ্চিত করেছে। অন্যদিকে, জাপানের সংবাদ সংস্থা কিয়োডোর বরাতে মস্কোয় অবস্থিত জাপানি দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, সাংবাদিককে আটকের খবরটি যাচাই করার চেষ্টা করছে জাপান সরকার।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, এফএসবির মুখোশধারী কর্মকর্তারা একটি হোটেলকক্ষে সন্দেহভাজন ব্যক্তিকে হাতকড়া পরাচ্ছেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ভিডিওতে আরও দেখা যায়, কর্মকর্তারা তাঁকে বিমানে করে মস্কোতে নিয়ে যাচ্ছেন এবং পরে আদালতে আসামিদের জন্য নির্ধারিত ঘেরাটোপের মধ্যে তাঁকে দাঁড় করানো হয়েছে।
রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধের প্রেক্ষাপটে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। গত আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কুরিল দ্বীপপুঞ্জ সফর করেন। দ্বীপপুঞ্জটির দক্ষিণের চারটি দ্বীপের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জাপান এসব দ্বীপকে ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ হিসেবে দাবি করে আসছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বীপগুলোর মালিকানা নিয়ে বিরোধের কারণে রাশিয়া ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। এ ছাড়া ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজন বিদেশিকে গ্রেপ্তার করেছে।
এর আগে ২০২৩ সালে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাংবাদিক ইভান গার্শকোভিচকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল। পরে রাশিয়ার একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ১৬ বছরের কারাদণ্ড দেন। তবে ২০২৪ সালের আগস্টে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বড় ধরনের বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান তিনি।
সূত্র: আলজাজিরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au