সুনামগঞ্জে পারিবারিক মন্দির থেকে দেড় শ বছরের পুরনো ৩ প্রতিমা চুরি। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়ায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে দেড় শ বছরের বেশি পুরনো তিনটি প্রতিমা চুরির অভিযোগ উঠেছে। এ সময় মন্দির থেকে সোনা, রুপা, তামা ও কাঁসার মূল্যবান পূজাসামগ্রীও চুরি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যরা পূজা দিতে গিয়ে মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সুনামগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
চুরি হওয়া প্রতিমাগুলো হলো রাধা-মাধব, রাধা ও গণেশ। এ ছাড়া শীলা, শালগ্রাম শিলা, চূড়া ও বাঁশিসহ বিভিন্ন পূজাসামগ্রী নিয়ে গেছে চোরেরা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার রাতের শেষ ভাগে চোরেরা বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে প্রথমে পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রতিমা ও মূল্যবান সামগ্রী চুরি করে। পরে পাশের একটি দোকানেও চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, মন্দিরের দরজার তালা ভাঙা। ভেতরে পূজার সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দরজার পাশে চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামও পড়ে আছে। পাশের দোকানটির দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্রও এলোমেলো অবস্থায় দেখা যায়। ঘটনার খবর পেয়ে বাড়িটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন।
পরিবারের সদস্য কল্লোল চক্রবর্তী হিমু বলেন, ‘মন্দিরের মূল্যবান বিগ্রহগুলোর বয়স দেড় শ বছরের বেশি। আমাদের পূর্বপুরুষরা এগুলো সংগ্রহ করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘চোরেরা প্রতিমার পাশাপাশি সোনা, রুপা, তামা ও কাঁসার মূল্যবান পূজাসামগ্রী, শীলা, শালগ্রাম শিলা, চূড়া ও বাঁশিসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আমাদের প্রতিমাগুলো উদ্ধার করে দেওয়ার দাবি জানিয়েছি।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অজ্ঞাতপরিচয় চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’