উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, যোগ্যতার নিচে কাজ করেন অর্ধেক
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার। অন্যদিকে, উচ্চশিক্ষিত কর্মজীবীদের প্রায় অর্ধেক এমন পেশায় কাজ করছেন, যেখানে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও অর্জিত দক্ষতার যথাযথ ব্যবহার…
ওটিএন বাংলা ডেস্ক: সাতক্ষীরার তালায় মাছের ঘের থেকে মাছ চুরির সন্দেহে ক্ষিতীশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ক্ষিতীশ মণ্ডল তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মণ্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘের থেকে মাছ চুরির সন্দেহে রাত ৩টার দিকে ক্ষিতীশকে আটক করা হয়। তাঁর অভিযোগ, এরপর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর শেখ ও গফফার শেখসহ ১০–১৫ জন ক্ষিতীশকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
পার্থ মণ্ডলের অভিযোগ, নির্যাতনে ক্ষিতীশের হাত-পা ভেঙে দেওয়া হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর চোখ তুলে নেওয়ারও চেষ্টা করা হয়। রাত ৩টা থেকে ভোর পর্যন্ত তাঁর ওপর নির্যাতন চলে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ক্ষিতীশকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পার্থ মণ্ডল বলেন, “আমার চাচাতো ভাই ক্ষিতীশ মণ্ডল মাছের ঘের ব্যবসায়ী। তাঁর নিজের চার বিঘা মাছের ঘের রয়েছে। চুরির সন্দেহে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে?”
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী জানান, ঘের থেকে মাছ চুরির সন্দেহে ক্ষিতীশ মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au