বাংলাদেশ

মানিকগঞ্জে মন্দির কমিটির সম্পাদক কৃষ্ণ রায়কে পিটিয়ে জখম

  • 11:17 pm - October 17, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
আহত কৃষ্ণ কুমার রায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে মণ্ডপে বিদ্যুৎ সংযোগের ক্যাবল টানানো নিয়ে বিরোধের জেরে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার রায়কে (৩৯) পিটিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কণ্ঠাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত কৃষ্ণ কুমার রায় বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বীরেন কুমারের ছেলে। তিনি কণ্ঠাপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এবং বাজারে একটি গ্রিল ওয়ার্কশপের মালিক।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মণ্ডপে জেনারেটরের বিদ্যুৎ সংযোগের কভারযুক্ত ক্যাবল বাজারের একটি কাঠের দোকানের সামনে কাঁঠালগাছে পেঁচিয়ে রাখা হয়েছিল। এ নিয়ে আপত্তি জানান কাঠের দোকানদার কবির। বিষয়টি নিয়ে কৃষ্ণের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে কৃষ্ণ কবিরকে ঘুষি মারেন বলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন। পরে বাজারের ব্যবসায়ীরা বসে বিকেলে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা জানান। এরপর কৃষ্ণ নিজের গ্রিল ওয়ার্কশপে ফিরে যান।

অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর দোকানে গিয়ে হামলা চালান। এ সময় লোহার রড ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাজারের ব্যবসায়ী এলেম কাজী জানান, বহলাতলী এলাকার কয়েকজন কৃষ্ণকে লোহার রড ও কাঠের লাঠি দিয়ে মারধর করেন। পরে তিনি স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজারের ব্যবসায়ী স্বপন কুমার রায় জানান, ক্যাবল টানানো নিয়ে কৃষ্ণের সঙ্গে কবিরের বিরোধের সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর কৃষ্ণের দোকানে হামলার ঘটনা ঘটে। আগের বিরোধের সঙ্গে হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা হামলা করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

কণ্ঠাপাড়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মিরাজ মেম্বার জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিমেষ জানান, রক্তাক্ত অবস্থায় কৃষ্ণ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, খবর পেয়ে এসআই জয়নাল আবেদিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ২০, আহত বহু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে।…

১০ প্রাণহানির ঘটনায় টুপটুপ রিসোর্টের ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।…

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১৬০-এর বেশি

শিক্ষার মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির লিওঁ শহরে একটি পর্যটন দপ্তরে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। এ…

অস্ত্রোপচার শেষে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও

ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভ্যাটিকানে ফিরেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রোমের জেমেলি হাসপাতাল থেকে…

রিসোর্ট থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে ভয়াবহ আগুন থেকে বাঁচতে দোতলা থেকে লাফ দিয়েছিলেন আশিকুল ইসলাম। লাফিয়ে তিনি প্রাণে বাঁচলেও হারিয়েছেন স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে। স্বজনদের নিয়ে ছুটি…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au