ওয়েরিবিতে ভিবিসিএফের বিজনেস নেটওয়ার্কিং আয়োজনে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীরা। ছবি: ওটিএন বাংলা
ওটিএন বাংলা, মেলবোর্ন: একটি পরিচয় থেকে নতুন ক্রেতা, একটি আলোচনা থেকে ব্যবসায়িক অংশীদারত্ব কিংবা অভিজ্ঞ কারও পরামর্শ থেকে নতুন উদ্যোগের পথ—ব্যবসার অগ্রযাত্রায় পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে সামনে রেখে মেলবোর্নে অনুষ্ঠিত হলো ‘ভিবিসিএফ বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট ২০২৬’।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ভিক্টোরিয়ার ওয়েরিবিতে হলিডে ইন হোটেলে এই আয়োজন করে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)। ‘সংযুক্ত হই, সহযোগিতা করি, একসঙ্গে এগিয়ে যাই’—এই ভাবনায় বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
প্রবাসে ব্যবসা গড়ে তোলার পথে নির্ভরযোগ্য সরবরাহকারী খুঁজে পাওয়া, নতুন বাজারে প্রবেশ, সঠিক পরামর্শ নেওয়া এবং সম্ভাব্য অংশীদারের সঙ্গে পরিচিত হওয়া গুরুত্বপূর্ণ। এসব প্রয়োজনকে সামনে রেখে ব্যবসায়ী ও পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধানের একটি পরিসর তৈরির উদ্যোগ নেয় ভিবিসিএফ।

প্রবাসে ব্যবসায়িক সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এক আয়োজনে বাংলাদেশি উদ্যোক্তা ও পেশাজীবীরা। ছবি: ওটিএন বাংলা
আয়োজনের মূল লক্ষ্য ছিল বিভিন্ন খাতের ব্যবসায়ী ও পেশাজীবীদের পরিচিতি বাড়ানো, পারস্পরিক রেফারেল বিনিময় এবং অংশীদারত্ব ও যৌথ উদ্যোগের সম্ভাবনা তৈরি করা। পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের পণ্য ও সেবার পরিচিতি সম্প্রসারণ এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞ ব্যবসায়ী ও পরামর্শদাতাদের সংযোগ স্থাপনের বিষয়টিও গুরুত্ব পায়।
অনুষ্ঠানকে ঘিরে ভিবিসিএফের পরিকল্পনার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল ‘অস্ট্রেলিয়ান বাংলাদেশি বিজনেস ডিরেক্টরি’ উদ্যোগ। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা ও পেশাজীবীদের তথ্য একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে তুলে ধরার উদ্দেশ্যে এই ডিরেক্টরির পরিকল্পনা করা হয়েছে। এতে যাচাইকৃত ব্যবসা হিসেবে তালিকাভুক্তির সুযোগ রাখার কথা জানানো হয়, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিচিতি বাড়াতে এবং সম্ভাব্য ক্রেতা ও সহযোগীদের সঙ্গে যোগাযোগ সহজ করতে সহায়তা করতে পারে।
এই ডিরেক্টরির মাধ্যমে ব্যবসা ও পেশাগত সেবা খুঁজে পাওয়া, সম্ভাব্য সরবরাহকারী ও অংশীদারের সঙ্গে পরিচিত হওয়া এবং সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের পথ তৈরি করতে চায় ভিবিসিএফ। নতুন উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞ পেশাজীবী ও পরামর্শদাতাদের সংযোগ স্থাপনও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
ছোট ব্যবসার মালিক, প্রতিষ্ঠিত কোম্পানির প্রতিনিধি, নতুন উদ্যোক্তা, অভিজ্ঞ নির্বাহী, বিনিয়োগকারী ও তরুণ পেশাজীবীদের জন্য আয়োজনটি উন্মুক্ত রাখা হয়েছিল। একই সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাকে সমর্থন করতে আগ্রহী কমিউনিটির সদস্যদেরও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল।
অনুষ্ঠান চলাকালে ওটিএন বাংলার সঙ্গে আলাপকালে আয়োজক কমিটির সদস্যরা বলেন, এই উদ্যোগ অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির জন্য একটি নতুন মাইলফলক। তাঁদের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও একে অন্যের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথ আরও প্রসারিত হবে।

ভিবিসিএফের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন সংগঠনের প্রেসিডেন্ট ইকবাল হোসেন। ছবি: ওটিএন বাংলা
সভাপতির বক্তব্যে ভিবিসিএফের প্রেসিডেন্ট ইকবাল হোসেন সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসব পরিকল্পনা বাস্তবায়ন এবং অভীষ্ট লক্ষ্য অর্জনে তিনি সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র জেসমিন হিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র জেসমিন হিল। ছবি: ওটিএন বাংলা
অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেওয়া উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায়িক যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। কীভাবে ব্যবসা শুরু করেছিলেন, পথচলায় কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং সেসব অভিজ্ঞতা থেকে কী শিখেছেন—আলোচনায় উঠে আসে সেই গল্প। তাঁদের অভিজ্ঞতা বিনিময় আয়োজনটিতে যুক্ত করে বাস্তব ব্যবসায়িক পথচলার নানা দিক।
এতে অংশ নেন সমাজসেবক ও কমিউনিটি নেতা এবং পিএনএস গ্রাফিক্স অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক কামরুল হোসেন চৌধুরী ওএএম; অর্থায়ন ও মর্টগেজ পেশাজীবী এবং ক্লিয়ার পাথ ফাইন্যান্সিয়াল গ্রুপের অপারেশনস ম্যানেজার মো. কামরুল হাসান; এবং কমিউনিটি নেতা, প্রকৌশলী ও পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান রাস্টিক ফ্লেমের পরিচালক নুসরাত ইসলাম বর্ষা।

ভিবিসিএফের প্যানেল আলোচনায় নিজেদের ব্যবসায়িক পথচলার গল্প ও অভিজ্ঞতা ভাগ করে নেন উদ্যোক্তা ও পেশাজীবীরা। ছবি: ওটিএন বাংলা
আলোচকেরা তাঁদের ব্যবসায়িক পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন এবং উপস্থিত অতিথিদের সঙ্গে নিজ নিজ উদ্যোগ গড়ে তোলার গল্প ভাগ করে নেন। আলোচনা সঞ্চালনা করেন পারসোনাল ব্র্যান্ডিং বিশেষজ্ঞ, ওয়েস্টএন্ড গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ‘মাই মাইগ্র্যান্ট সোল’ পডকাস্টের উপস্থাপক ইমরান আবুল কাশেম।
ভিবিসিএফের পরিকল্পনায় এই আয়োজন একটি বৃহত্তর ও ধারাবাহিক উদ্যোগের সূচনা। ‘ভিবিসিএফ বিজনেস কানেক্ট’-এর মাধ্যমে ভবিষ্যতে নেটওয়ার্কিংয়ের পাশাপাশি কর্মশালা, সেমিনার, ব্যবসায়িক প্রদর্শনী এবং মেন্টরিং কার্যক্রম গড়ে তোলার লক্ষ্য রয়েছে সংগঠনটির।