বাংলাদেশ

কক্সবাজারে মুখোশধারী ডাকাতের তাণ্ডব, অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে লুটপাট

কয়েক ঘণ্টায় শতাধিক যাত্রীর টাকা-মুঠোফোন ছিনতাই, জঙ্গলে নিয়ে মারধর; সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার নেই

  • 4:11 am - October 20, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে লুটপাট। ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের মধ্য দিয়ে যাওয়া ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তি সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে। সোমবার সকাল ও দুপুরে হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রী ডাকাতদের কবলে পড়েন। লুট করা হয়েছে নগদ টাকা, মুঠোফোন, ব্যাংকের চেকবইসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।

ভুক্তভোগীদের অভিযোগ, ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল যানবাহনের গতিরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের অনেককে সড়কের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে এভাবে লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের টহল ছিল না বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে

জঙ্গলে আত্মগোপন করেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের গহিন বনাঞ্চল এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে মোট কতটি যানবাহনে লুটপাট হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিল। হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন।

পরে তাঁদের দুজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। তাঁদের শরীর তল্লাশি করে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় ডাকাতেরা। কিছুক্ষণ পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

রবিউল ইসলামের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতেরা ৫০ থেকে ৬০টি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রীর কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি। ঘটনার সময় ওই সড়কে পুলিশের টহল ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

একই এলাকার আরেকটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিমও ডাকাতির শিকার হয়েছেন। তিনি জানান, সোমবার তাঁরা তিনজন একটি অটোরিকশায় করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতেরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে মারধরের পর তাঁদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবদুল হাকিম বলেন, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে প্রায়ই লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে। কিন্তু দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।

ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেকও সোমবার ডাকাতদের কবলে পড়েন। তাঁর ভাষ্য, সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন তিনি। হিমছড়ি ঢালায় পৌঁছালে তাঁদের অটোরিকশাটি ডাকাতদের কবলে পড়ে। এ সময় তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল আটটা ও দুপুর ১২টার দিকে দুই দফায় সড়কটিতে লুটপাট চালানো হয়। দুই দফায় প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি চলে। এ সময় অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রীরা ডাকাতদের কবলে পড়েন বলে তাঁদের দাবি।

পাহাড়ি বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া এই সড়কটি ঈদগাঁও, ঈদগড় ও বাইশারী এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। দিনের বেলায় সড়কটিতে একযোগে এতগুলো যানবাহনে লুটপাটের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সড়কটিতে নিয়মিত ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটলেও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত টহল ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োজন।

সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছিল বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।

এই শাখার আরও খবর

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করেছেন, রাষ্ট্রপতির বক্তব্য ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক…

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব

দেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতা বা…

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

৯ মাসে মব সহিংসতায় নিহত ১৮৭, ধর্ষণের শিকার ৬৫৭ নারী ও শিশু

চলতি বছরের প্রথম নয় মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সারা দেশে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার…

অষ্টমী পূজার দিনে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা

দুর্গাপূজার অষ্টমীর দিনে রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯…

নেতানিয়াহুর পাশে ট্রাম্প, ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নেতানিয়াহুকে পুনর্নির্বাচিত করার বিষয়ে সরাসরি সমর্থন জানাতে অনীহা প্রকাশ করলেও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au