বাংলোবাড়ির বাগানে কোদাল হাতে কৃষিকাজ করে প্রশংসায় ভাসছেন জয়া আহসান। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৪ আগস্ট : অভিনয়ে যেমন দক্ষ, তেমনি প্রকৃতির প্রতি ভালোবাসার জন্যও বরাবরই পরিচিত অভিনেত্রী জয়া আহসান। অবসর সময় পেলেই তিনি সময় কাটান নিজের বাগানে। সম্প্রতি হাতে কোদাল নিয়ে বাগানের মাটি প্রস্তুত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়েছে। স্বাভাবিক জীবনযাপন ও প্রকৃতিপ্রেমের জন্য প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
কয়েক ঘণ্টা আগে জয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঢাকার ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশের নিজের বাংলোবাড়ির বাগানে কৃষিকাজ করছেন তিনি। সাধারণ পোশাক ও মেকআপহীন লুকে একজন সহায়তাকারীর সঙ্গে গোবর সার মিশিয়ে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করতে দেখা যায় তাকে। কাজের ফাঁকে বাগানের বিভিন্ন গাছও ঘুরে দেখান তিনি। জানান, সেখানে জবা, ঘুমন্ত জবাসহ নানা প্রজাতির গাছ রয়েছে, যেগুলোর নিয়মিত পরিচর্যা তিনি নিজেই করেন।
ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ লাখ ভিউ অর্জন করেছে। এতে প্রায় এক লাখ রিঅ্যাকশন, তিন হাজারের বেশি মন্তব্য এবং প্রায় এক হাজার শেয়ার হয়েছে। ভিডিওটি ঘিরে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্যে একজন লিখেছেন, “সবাই এখন তোমার দেখাদেখি মাঠে নেমে পড়বে।” আরেকজন লিখেছেন, “সত্যি সব শিল্পী মাটিকে এত ভালোবাসে না। আপনাকে দেখে সত্যিই অভিভূত হলাম। আরেক ভক্তের ভাষ্য, “মাটির মানুষ। মাটির সঙ্গে সম্পর্ক।”
আরেক অনুসারী মন্তব্য করেছেন, “আপনার এই কাজগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রাচুর্য আর আধুনিকতার মাঝেও আপনি মাটি আর শিকড়কে ভুলে যাননি।” ইউরোপ-আমেরিকার অনেক ধনী মানুষও শখের বসে কৃষিকাজ করেন।”
ফিটনেস নিয়ে নিজের ভাবনার কথাও এর আগে জানিয়েছেন জয়া আহসান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস তার নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের আগে প্রয়োজন হলে কিছুদিন শরীরচর্চা করলেও দৈনন্দিন স্বাভাবিক কাজকেই তিনি নিজের ফিটনেস রুটিনের অংশ হিসেবে দেখেন।