পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় রুশ সামরিক বিমান, কী বার্তা দিতে চায় মস্কো?
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক সামনে রেখে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে…
টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের দখলে। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের মধ্যে ৮ জনকেই আউট করতে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর মধ্যে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং। নতুন এই রেকর্ড আবারও সামনে নিয়ে এসেছে লিটনের আরেকটি পরিচয়, তিনি শুধু ব্যাট হাতেই নন, উইকেটের পেছনেও সমান কার্যকর।
লিটনের কথা উঠলেই সাধারণত আলোচনায় আসে তাঁর ব্যাটিং। ব্যাট হাতে তাঁর সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। কিন্তু উইকেটের পেছনে দাঁড়িয়ে দলের জন্য নিয়মিত যে অবদান রাখছেন, তা নিয়ে আলোচনা তুলনামূলক কম।
ব্যাটসম্যান হিসেবে লিটনের পরিচিতি যতটা, উইকেটকিপার হিসেবেও কি ততটা মূল্যায়ন পান তিনি? জোহানেসবার্গের রেকর্ড সেই প্রশ্ন আবার সামনে এনেছে।
উইকেটকিপারের সব অবদান অবশ্য স্কোরকার্ডে ধরা পড়ে না। যেমন পেসার হাসান মাহমুদের মতো বোলারের বলেও লিটন অনেক সময় ব্যাটসম্যানের বেশ কাছাকাছি দাঁড়িয়ে কিপিং করেন। এতে ব্যাটসম্যানের পায়ের নড়াচড়া ও শট খেলার সুযোগ সীমিত হয়ে আসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে এমন কৌশলেই জশুয়া বিশপকে স্টাম্পিং করেছিলেন তিনি।
চলতি জোহানেসবার্গ টেস্টেও দেখা গেছে লিটনের সেই দক্ষতা। ক্যাচ ধরা কিংবা স্টাম্পিংয়ের ঘটনা স্কোরকার্ডে জায়গা পায়। কিন্তু প্রতিপক্ষের রান আটকে রাখা, ব্যাটসম্যানকে স্বাভাবিক শট খেলতে বাধা দেওয়া কিংবা ক্রিজে তাঁর চলাফেরায় চাপ তৈরি করার কৃতিত্ব পরিসংখ্যানে ধরা পড়ে না। অথচ দলের জন্য এসব অবদানও কম গুরুত্বপূর্ণ নয়।
উইকেটকিপার হিসেবে লিটনের টেকনিক বেশ পরিণত। দ্রুত অনুমান করার ক্ষমতা, নিখুঁত ফুটওয়ার্ক এবং ক্ষিপ্র রিফ্লেক্স তাঁকে নির্ভরযোগ্য করে তুলেছে। উপমহাদেশের স্পিন-সহায়ক উইকেট হোক কিংবা পেসারদের জন্য সুবিধাজনক কন্ডিশন, দুই জায়গাতেই উইকেটের পেছনে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
কিপিং গ্লাভস হাতে দায়িত্ব শুধু ক্যাচ ধরা বা স্টাম্পিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। উইকেটের পেছন থেকে বোলারদের সঙ্গে যোগাযোগ রাখা, ব্যাটসম্যানের গতিবিধি পর্যবেক্ষণ করে ফিল্ডিং সাজাতে সহায়তা করা এবং রিভিউ নেওয়ার বিষয়ে অধিনায়ককে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিটন।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫৫টি টেস্টে উইকেটকিপিং করেছেন মুশফিকুর রহিম। তবে ২০১৯ সালের পর থেকে টেস্টে আর উইকেটের পেছনে দাঁড়াননি তিনি। এরপর থেকেই মূলত দায়িত্বটি সামলাচ্ছেন লিটন। যদিও এ সময়ে তাঁর পাশাপাশি আরও চারজন উইকেটকিপিং করেছেন। নুরুল হাসান ৭টি, মাহিদুল ইসলাম ১টি, জাকের আলী ২টি এবং অমিত হাসান ১টি টেস্টে এ দায়িত্ব পালন করেছেন।
সব মিলিয়ে ৬০ টেস্টের ক্যারিয়ারে ৪৯ ম্যাচেই উইকেটকিপিং করেছেন লিটন। মজার বিষয় হলো, উইকেটকিপিং করা ম্যাচগুলোতেই ব্যাট হাতে বেশি সফল তিনি।

জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরির পর লিটন দাস। ছবি:এএফপি
যে ৪৯টি টেস্টে উইকেটকিপিং করেছেন, সেগুলোতে লিটনের ব্যাটিং গড় ৩৯.৪৫। এ সময়ে সাতটি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি করেছেন তিনি। অন্যদিকে উইকেটকিপিং না করা ১১ টেস্টে তাঁর ব্যাটিং গড় মাত্র ২৭। ওই ম্যাচগুলোর ২১ ইনিংসে সেঞ্চুরি করেছেন একটি এবং ফিফটি তিনটি।
উইকেটকিপিং যে তাঁর ব্যাটিংয়েও ইতিবাচক প্রভাব ফেলে, সেটি নিজেই জানিয়েছেন লিটন। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর তিনি বলেছিলেন, ‘উইকেটকিপিং আমার ব্যাটিংয়ে ভালো করতে সাহায্য করে। অনেক কিছু বুঝতে পারি। উইকেট সম্পর্কে ধারণা পাই। আর এটা ব্যাটিংয়েও সাহায্য করে।’
অর্থাৎ, উইকেটের পেছনে দাঁড়িয়ে খেলা পর্যবেক্ষণের অভিজ্ঞতা ব্যাটিংয়ের সময়ও কাজে লাগান লিটন। উইকেটের আচরণ, বোলারদের বৈশিষ্ট্য এবং ব্যাটসম্যানদের শট খেলার ধরন সম্পর্কে তাঁর ধারণা আরও পরিষ্কার হয়। ফলে কিপিংয়ের অভিজ্ঞতা ব্যাটিংয়েও বাড়তি সুবিধা দেয়।
তবে উইকেটকিপিংয়ের কাজটি শারীরিক ও মানসিকভাবে বেশ কঠিন। দিনের পর দিন, ওভারের পর ওভার উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। দীর্ঘ সময়ের এই ক্লান্তি সামলে আবার ব্যাট হাতে ক্রিজে নামতে হয়। লিটন নিয়মিতই সেই কঠিন দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পরিসংখ্যানেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এই ধারাবাহিকতার প্রমাণ রয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত টেস্টে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন লিটন। ৬০ ইনিংসে তাঁর সংগ্রহ ২ হাজার ৪৭৩ রান।
এই সময়ে তাঁর চেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ও ভারতের ঋষভ পন্ত। ক্যারি ৮২ ইনিংসে করেছেন ২ হাজার ৫৪৪ রান। আর পন্ত ৬৭ ইনিংসে করেছেন ২ হাজার ৯৯২ রান।
তবে ব্যাটিং গড়ের হিসাবে লিটনের অবস্থান আরও ভালো। ২০২১ সালের পর থেকে অন্তত ১ হাজার রান করেছেন, এমন উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে তাঁর গড় দ্বিতীয় সর্বোচ্চ, ৪৩.৩৮। এ তালিকায় তাঁর ওপরে রয়েছেন শুধু ঋষভ পন্ত, যাঁর ব্যাটিং গড় ৪৫.৭৪।
ব্যাট হাতে উইকেটের সামনে দাঁড়িয়ে লিটন যেমন দলের ভরসা, তেমনি কিপিং গ্লাভস পরে উইকেটের পেছনেও তিনি সমান গুরুত্বপূর্ণ। জোহানেসবার্গের রেকর্ড যেন নতুন করে মনে করিয়ে দিল, লিটন দাসের ক্রিকেটীয় সামর্থ্য কেবল ব্যাটিংয়ে সীমাবদ্ধ নয়। তাঁর গ্লাভসের আড়ালেও লুকিয়ে আছে বাংলাদেশের জন্য বড় এক শক্তি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au