থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১২ আগস্ট: থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে দুজনই থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নাটকের কয়েকটি দৃশ্যের শুটিংয়ের জন্য পাহাড়ের ওপর উঠেছিলেন খায়রুল বাসার ও তাঁর শুটিং টিম। সেখানে কাজ শেষ করে স্কুটিতে করে নিচে নামার সময় হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুজনই পড়ে যান। স্কুটিটি চিত্রগ্রাহক মেহেদী রনি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় শুটিং টিমের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। পরে তাঁরাই আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
দুর্ঘটনার বিষয়ে খায়রুল বাসার বলেন, দুর্ঘটনায় তাঁর বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। বর্তমানে হাঁটতে তাঁর কষ্ট হচ্ছে। চিকিৎসার জন্য তাঁরা পাতায়ায় এসেছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাবেন। অভিনেতা জানান, দুর্ঘটনার কারণে তাঁদের শুটিং বাতিল করতে হয়েছে। বর্তমান শারীরিক অবস্থায় তাঁর পক্ষে শুটিং করা সম্ভব নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে।
এদিকে চিত্রগ্রাহক মেহেদী রনিও বেশ আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। দুজনেরই এক্স-রে করানোর কথা রয়েছে। পরীক্ষার ফল ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
খায়রুল বাসার জানান, আগামী কয়েক দিনে তাঁর আরও শুটিংয়ের কাজ ছিল। তবে দুর্ঘটনার পর আপাতত সেসব কাজ করা সম্ভব হবে না।
ঈদের পর বিরতি কাটিয়ে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন খায়রুল বাসার। কোলান দ্বীপসহ বিভিন্ন স্থানে এসব নাটকের দৃশ্য ধারণের কথা ছিল। নাটক গুলোতে তাঁর সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে অভিনয় করছেন।