বিশ্ব

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২, নিখোঁজ ৪

  • 2:45 pm - September 22, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
জাপানে টাইফুন।ছবিঃ সংগৃহীত

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের প্রভাবে টোকিওসহ বিভিন্ন এলাকায় বিমান, রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

সোমবার থেকে ইজু দ্বীপপুঞ্জ, কানতো অঞ্চল এবং জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। কোথাও কোথাও ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে চিবা ও কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি এলাকায় বন্যার পানি ঢুকে পড়ে।

ইজু দ্বীপপুঞ্জের ওশিমা এলাকায় বৃষ্টিপাত ছিল বিশেষভাবে ভয়াবহ। স্থানীয় সময় সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৬৮৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা সেপ্টেম্বর মাসের স্বাভাবিক মাসিক বৃষ্টিপাতের প্রায় দ্বিগুণ।

জাপানের আবহাওয়া সংস্থা ইজু দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে ভূমিধসের ঝুঁকিতে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছিল। টোকিওর কিছু এলাকা ছাড়াও চিবা, কানাগাওয়া, ইবারাকি ও মিয়াগি প্রশাসনিক অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যার ঝুঁকিতে উচ্চপর্যায়ের সতর্কতা জারি করা হয়।

ঝড়ের কারণে কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলের ইয়োকোসুকা এলাকায় একটি বাড়িতে ভূমিধসের মাটি ঢুকে পড়ে। সেখানে ষাটের কোঠার এক নারী নিহত হন। একই এলাকায় একটি বাড়িতে থাকা আরও দুজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মিউরা শহরেও ভূমিধসের পর দুই নারীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিখোঁজদের সন্ধানে অভিযান চালায়।

অন্যদিকে, চিবা প্রশাসনিক অঞ্চলের সোডেগাউরা শহরে ভূমিধসের পর রাস্তা পরিষ্কারের কাজে নিয়োজিত ৫১ বছর বয়সী এক ব্যক্তি ভারী যন্ত্রসহ মাটির নিচে চাপা পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁর মৃত্যু হয়।

টাইফুনের প্রভাবে টোকিও ও আশপাশের এলাকায় ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বিভিন্ন পর্যায়ে প্রায় ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বা পরামর্শের আওতায় আনা হয়। কর্তৃপক্ষ বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

দুজুয়ানের কারণে জাপানের যোগাযোগব্যবস্থাতেও বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। অল নিপ্পন এয়ারওয়েজ ও জাপান এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। টোকিও ও আশপাশের বিভিন্ন রেলপথে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে এবং একপর্যায়ে প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।

এদিকে মধ্য জাপানের আইচি প্রশাসনিক অঞ্চলে চলমান এশিয়ান গেমসেও টাইফুনের প্রভাব পড়েছে। ঝড়ের কারণে অশ্বারোহণের অল-অ্যারাউন্ড প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আগে ঝড়ের আশঙ্কায় আরও কিছু আয়োজনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল।

মঙ্গলবার সকাল নাগাদ টাইফুন দুজুয়ান জাপানের পূর্ব উপকূল থেকে সরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। তবে ঝড় সরে গেলেও ভারী বৃষ্টির কারণে কানতো অঞ্চল ও ইজু দ্বীপপুঞ্জে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং আকস্মিক বন্যার ঝুঁকি অব্যাহত রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দুজুয়ান চলতি মৌসুমে জাপানে আঘাত হানা শক্তিশালী ঝড়গুলোর একটি। ঝড়টি উপকূলীয় অঞ্চল অতিক্রম করার সময় ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এখন ঝড়টি জাপান থেকে দূরে সরে গেলেও এর রেখে যাওয়া ভারী বৃষ্টি ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দলগুলো কাজ করে যাচ্ছে।

এই শাখার আরও খবর

অপ্রতিম হত্যা নিয়ে পরিবারের ভিন্ন সন্দেহ, তদন্তের দাবি

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে আইফোন ছিনিয়ে নেওয়াকে হত্যার কারণ হিসেবে বলা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে…

অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন: স্টুডেন্ট, গ্র্যাজুয়েট ও ভিজিটর ভিসায় কঠোরতা

OTN Bangla Desk: অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ‘ভিসা হপিং’ বন্ধ, আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসাধারীদের পরিবারের সদস্য আনার সুযোগ…

৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ব্যবসায়ী নিখোঁজ

লক্ষ্মীপুর শহরের চারটি জুয়েলার্স থেকে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা নিয়ে রণজিত পাল নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল…

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে ৫০০ কোটি ডলার দিতে চায় যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে নতুন একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব অনুযায়ী, এই তহবিলে যুক্তরাষ্ট্র ৫০০ কোটি ডলার দিতে চায়।…

টাইফুন দুজুয়ানের তাণ্ডবে জাপানে ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের রাজধানী টোকিওসহ দেশটির পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ছয়টি প্রশাসনিক অঞ্চলের ১৯ লাখের…

রাজনৈতিক চাপের অভিযোগ তুলে ডব্লিউএইচও ছাড়লেন সাইমা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগের পর নিজের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au