জিএম কাদেরের বাসায় হামলা। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল লোক তাঁর বাসায় হামলা চালায় বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যানের বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। হামলাকারীরা ‘বৈষম্যবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে বিভিন্ন স্লোগান দিয়ে বাসভবনে ইট নিক্ষেপ করে বলে ভিডিওতে দেখা গেছে।
সোমবার বেলা ১১টা ৪৯ মিনিটে এক বার্তায় শৌর্য দীপ্ত সূর্য জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে হামলা করে।
তিনি বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরে এক থেকে দেড়শ লোক এসে হামলা করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ‘বৈষম্যবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে একদল লোক জি এম কাদেরের বাসভবনের সামনে স্লোগান দিচ্ছে এবং ইট নিক্ষেপ করছে। তাদের ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ও ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়।
হামলাকারীদের হাতে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ। জি এম কাদেরের গ্রেপ্তার চাই।’
তবে হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা কারা, কোন সংগঠনের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে এবং কী কারণে তাঁরা এ হামলা চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জাতীয় পার্টির পরবর্তী করণীয় সম্পর্কে পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের বার্তা সম্পাদক।