বিজ্ঞান ও প্রযুক্তি

শেয়ারবাজারে রেকর্ড গড়ে ৮১ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক

  • 1:40 pm - November 20, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহে স্পেসএক্সের রেকর্ডটি টিকল মাত্র পাঁচ মাস।ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৮১ বিলিয়ন ডলার তহবিল তুলেছে, যা মাত্র পাঁচ মাস আগে গড়া ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত জুনে যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় স্পেসএক্স ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল।

বৃহস্পতিবার নাসডাকে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে মাত্র পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর অ্যানথ্রপিকের সম্ভাব্য বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে প্রাথমিক পরিকল্পনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিকের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার। এর আগে শেয়ারপ্রতি দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা ছিল। প্রতিষ্ঠানটির এক প্রাথমিক বিনিয়োগকারী নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, আইপিওতে শেয়ারের চাহিদা ছিল ব্যাপক। তালিকাভুক্তির আগেই বরাদ্দের তুলনায় ১০ গুণের বেশি শেয়ারের আবেদন জমা পড়ে।

অ্যানথ্রপিকই প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক প্রতিষ্ঠান, যারা সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করছে। এই রেকর্ড গড়া তালিকাভুক্তির ফলে ২০২১ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা সাত সহপ্রতিষ্ঠাতার সম্পদও রাতারাতি কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

কোডিং, লেখালেখি ও তথ্য বিশ্লেষণের মতো কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অ্যানথ্রপিকের তৈরি বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামের ব্যবহার বাড়ছে। এর ফলে গত এক বছরে প্রতিষ্ঠানটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে অ্যানথ্রপিকের আয় দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার। তবে আইপিও-সংক্রান্ত নথি অনুযায়ী, একই সময়ে প্রতিষ্ঠানটির নিট লোকসানও বেড়ে ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ক্যানাকর্ড ওয়েলথের বিশ্লেষক লিয়াহ ব্রামওয়েল বলেন, প্রাতিষ্ঠানিক ও সাধারণ, উভয় ধরনের বিনিয়োগকারীর কাছ থেকেই অ্যানথ্রপিকের শেয়ারের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে। তাঁর মতে, এ ঘটনা প্রমাণ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কেবল সাধারণ মানুষের উচ্ছ্বাসের ওপর নির্ভরশীল নয়।

শেয়ার লেনদেন শুরুর পর চাহিদা শক্তিশালী থাকলে অ্যানথ্রপিকের বাজারমূল্য আরও বাড়তে পারে। এর আগে গত জুনে নাসডাকে তালিকাভুক্ত হওয়ার পর স্পেসএক্সের বাজারমূল্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। যদিও পরবর্তী কয়েক সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কিছুটা কমে যায়।

বর্তমান হিসাব অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে ৮১ বিলিয়ন ডলারের বেশি সংগ্রহের পাশাপাশি এনভিডিয়াসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে অ্যানথ্রপিকের। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান এনভিডিয়া দীর্ঘদিন ধরেই তাদের চিপ ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে আসছে।

এ ছাড়া শেয়ারের চাহিদা বেশি থাকলে শেয়ার বিক্রির দায়িত্বে থাকা ব্যাংকগুলো ‘গ্রিনশু অপশন’ প্রয়োগ করে অতিরিক্ত শেয়ার বিক্রি করতে পারে। সে ক্ষেত্রে অ্যানথ্রপিক আরও ১২ বিলিয়ন ডলার সংগ্রহের সুযোগ পাবে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির তহবিল সংগ্রহের পরিমাণ ১০৭ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে পর্যন্ত যুক্তরাষ্ট্রে অ্যানথ্রপিকই হবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও সরঞ্জামভিত্তিক একমাত্র তালিকাভুক্ত কোম্পানি। গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করলেও তাদের ব্যবসা আরও বিস্তৃত। অন্যদিকে অ্যানথ্রপিকের মূল ব্যবসাই এআই প্রযুক্তি ও এর বিভিন্ন সরঞ্জামকে ঘিরে।

তবে শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেক নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আয় ও মুনাফা অর্জনের সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, আগামী কয়েক বছরে প্রতিষ্ঠানটির শত শত বিলিয়ন ডলারের আর্থিক দায় পরিশোধের সময় ব্যবসা সেই অনুপাতে বাড়বে কি না, সেটিই বড় প্রশ্ন। তবে তাঁর মতে, ভবিষ্যতের প্রযুক্তি খাতকে প্রভাবিত করতে পারে এমন একটি শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ খুব বেশি আসে না।

ওপেনএআইয়ের সাতজন সাবেক কর্মী মিলে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ভাই-বোন দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই। দারিও আমোদেই বিভিন্ন সময় সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম খুব দ্রুত এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে, যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি তৈরি করবে। অ্যানথ্রপিকের পক্ষ থেকেও উন্নত এআই ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিরাপত্তা নিশ্চিত না করে এ প্রযুক্তির বিকাশ দ্রুত এগিয়ে নেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিল।

তবে ঝুঁকি নিয়ে উদ্বেগ থাকলেও দ্রুত ব্যবসা সম্প্রসারণে আগ্রহী অ্যানথ্রপিক। এ জন্য শেয়ারবাজার থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহের পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ওপেনএআইও এআই নিরাপত্তার বিষয়গুলো সমাধানের কথা বলে শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা পিছিয়ে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থীদের অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতা করায় বিনিয়োগকারীদের মধ্যে এ খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কা তৈরি হয়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কৌশল বিভাগের প্রধান মার্তা নর্টন বলেন, বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসার সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো প্রতিষ্ঠানটির বিপুল অর্থের প্রয়োজন। তাঁর ভাষায়, এআই খাতে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রচুর অর্থের প্রয়োজন হয়। শেয়ারবাজার সেই অর্থের জোগান বাড়ানোর একটি সুযোগ তৈরি করে।

তবে পুরো এআই শিল্পের ব্যবসায়িক মডেল নিয়েও প্রশ্ন উঠছে। এ খাতের প্রতিষ্ঠানগুলো ব্যয়বহুল কম্পিউটার চিপের ওপর নির্ভরশীল, যার সরবরাহ এখনো সীমিত। পাশাপাশি এআই প্রযুক্তি পরিচালনার জন্য বিপুল বিদ্যুৎ ও অবকাঠামোর প্রয়োজন হয়, যা বড় বড় ডেটা সেন্টারের ওপর নির্ভরশীল। এসব অবকাঠামো গড়ে তোলা ও পরিচালনার জন্য অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যয়বহুল চুক্তিও করতে হয়। ফলে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে কতটা আয় ও মুনাফা করতে পারবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au