অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
অস্ট্রেলিয়ার সিডনিতে সন্ত্রাসবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁদের মধ্যে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে গাড়িতে স্থাপনযোগ্য বিস্ফোরক তৈরির পরিকল্পনা এবং সম্ভাব্য সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে এ ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার পর সিডনির দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি বাড়িতে অভিযান চালায় নিউ সাউথ ওয়েলস পুলিশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সশস্ত্র সদস্যরা। অভিযানে ইনগলবার্ন এলাকার একটি বাড়ি থেকে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট নথি জেনেশুনে সংগ্রহ বা তৈরির পাশাপাশি যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহিংস উগ্রবাদী উপাদান সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।
তাঁকে জামিন না দিয়ে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ক্যাম্পবেলটাউন স্থানীয় আদালতে তাঁকে হাজির করার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের জাতীয় নিরাপত্তা তদন্তবিষয়ক উপকমিশনার হিলডা সিরেক শুক্রবার সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি সম্ভাব্য সন্ত্রাসী হামলায় ব্যবহারের জন্য গাড়িতে বহনযোগ্য বিস্ফোরক তৈরির পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন বলে পুলিশের ধারণা। তবে হামলা চালানোর কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছিল, এমন তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি একাই কাজ করছিলেন বলে ধারণা করছে পুলিশ।
হিলডা সিরেক বলেন, অভিযুক্ত ব্যক্তি কোনো লক্ষ্যবস্তু বা হামলার স্থান চিহ্নিত করেছিলেন, কিংবা গাড়িতে স্থাপনযোগ্য বিস্ফোরক তৈরির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেছিলেন, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। একই সঙ্গে কোনো উপাসনালয়, নির্দিষ্ট জনগোষ্ঠী বা ব্যক্তিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলেও প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি নেই। কয়েক মাস ধরে তদন্ত চলছিল। পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ার পরই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাৎক্ষণিক হামলার আশঙ্কা থেকে অভিযান বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান সিরেক।
তিনি আরও স্পষ্ট করেন, সিডনির বন্ডি সৈকতে ইহুদি উৎসবে হামলার এক বছর পূর্তি সামনে থাকলেও গ্রেপ্তার হওয়া ব্যক্তির কথিত পরিকল্পনার সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। বন্ডির ওই হামলায় ১৫ জন নিহত হয়েছিলেন।
এদিকে, অভিযানের সময় ক্যাম্পবেলটাউনের আরেকটি বাড়ি থেকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে। এ ছাড়া উলি ক্রিক এলাকা থেকে ৩৩ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে কোগারা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগ আনার কথা রয়েছে।
পুলিশের ধারণা, এই দুই ব্যক্তি সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৫ বছর বয়সী ব্যক্তির কথিত কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন না। তবে তিনজনই পুলিশের পরিচিত এবং পরস্পরের সঙ্গে তাঁদের পরিচয় ছিল বলে জানিয়েছেন হিলডা সিরেক।
অভিযানের সময় ক্যাম্পবেলটাউনের বাড়িগুলোতে বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ সদস্য তল্লাশি চালান। বাড়ির পেছনের আঙিনা ও সেখানে থাকা গাড়িগুলোও পরীক্ষা করা হয়। তদন্তের অংশ হিসেবে বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক পরীক্ষাও চালানো হচ্ছে।
তদন্ত এখনো চলমান রয়েছে। এ ঘটনায় আরও কাউকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা নতুন অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au