অস্ট্রেলিয়া

চীন-অস্ট্রেলিয়া সম্পর্কে বড় পরিবর্তন এসেছে: শি চিনপিং

  • 5:37 pm - November 20, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
চীন-অস্ট্রেলিয়া সম্পর্কে বড় পরিবর্তন এসেছে: শি চিনপিং।ছবি : রয়টার্স

গত চার বছরে চীন ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। দুই দেশের মধ্যে থাকা মতপার্থক্য দূরে সরিয়ে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক অগ্রগতিকে কাজে লাগিয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।

শুক্রবার (২০ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শি চিনপিং। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শি চিনপিং বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় চীন। দুই দেশের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে, সেগুলো যথাযথভাবে সামাল দিয়ে সাম্প্রতিক উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

চীনের প্রেসিডেন্ট বলেন, ২০২২ সালে অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁদের মধ্যে চারবার বৈঠক হয়েছে। এই সময়ে দুই দেশের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। তবে দেশটির আগের মধ্য-ডানপন্থী জোট সরকারের আমলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। বিশেষ করে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানানোয় অস্ট্রেলিয়ার ওপর ক্ষুব্ধ হয় বেইজিং। এর জেরে অস্ট্রেলিয়ার বিভিন্ন পণ্যের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করেছিল চীন।

পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতি হলে বেইজিং একে একে বেশ কিছু বাণিজ্যিক বিধিনিষেধ তুলে নেয়। তবে সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়নি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে জন্ম নেওয়া অস্ট্রেলীয় নাগরিকদের গ্রেপ্তারের মতো ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

বৈঠকের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে থাকা মতপার্থক্য নিয়ে গঠনমূলক ও সরাসরি আলোচনা অব্যাহত রাখা হবে। উভয় দেশের স্বার্থেই সম্পর্ক স্থিতিশীল রাখা জরুরি।

তিনি বলেন, চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার গঠনমূলক যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। দুই দেশের মতপার্থক্যগুলো যথাযথভাবে মোকাবিলা করতে হবে, তবে সেগুলো যেন দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান বিষয় হয়ে না দাঁড়ায়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার পরে বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে আলবানিজের। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরে অস্ট্রেলিয়ার কয়েকজন শীর্ষ ব্যবসায়ীও তাঁর সঙ্গে থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন রিও টিন্টোর লৌহ আকরিক বিভাগের প্রধান ম্যাট হলজ এবং বিএইচপির অস্ট্রেলিয়া বিভাগের প্রধান জেরাল্ডিন স্ল্যাটারি। চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার বড় খনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না মিনারেল রিসোর্সেস গ্রুপের লৌহ আকরিক কেনা নিয়ে আলোচনা ক্রমেই জটিল হয়ে উঠছে। চীনা প্রতিষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে লৌহ আকরিক কেনার পরিমাণ বাড়াচ্ছে। ফলে চুক্তির দাম নির্ধারণের আলোচনায় চীনের প্রভাবও বাড়ছে।

অস্ট্রেলিয়ার সম্পদবিষয়ক মন্ত্রী ম্যাডেলিন কিং চলতি সপ্তাহে বলেছেন, লৌহ আকরিকের বাণিজ্যে কোনো ধরনের কারসাজির চেষ্টা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী হবে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে অস্ট্রেলিয়া সরকারের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেন তিনি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au